বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় কিশোর গ্যাং ও রাম দা সংস্কৃতি থাকবে না

  • আপলোড তারিখঃ ০৯-১১-২০২০ ইং
চুয়াডাঙ্গায় কিশোর গ্যাং ও রাম দা সংস্কৃতি থাকবে না
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ডিসি নজরুল ও এসপি জাহিদ বললেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে না। যে কোনো মূল্যে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা হবে। প্রয়োজনে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কিশোর গ্যাং-এর যে বিষয়টি অনেকেই বলেছেন, আমি তাঁদের উদ্দেশ্যে বলছি- কিশোর গ্যাং বলে কিছু থাকবে না। এ রকম তথ্য পেলে সকলকে আইনের আওতায় আনা হবে। জেলা প্রশাসক আরও বলেন, আমরা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাচ্ছি। কেউ যদি নারীর প্রতি সহিংসতা করে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। সভার একপর্যায়ে ইজিবাইকের বিষয় উঠলে, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, ইজিবাইক অবৈধ যান। মহাসড়কে উঠতে দেওয়া হবে না। নির্ধারিত রঙ অনুযায়ী স্ব স্ব উপজেলার মধ্যে চলাচল করবে। শুধুমাত্র রোগীবহনের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে, তাছাড়া এক উপজেলার গাড়ি অন্য উপজেলায় চললে ব্যবস্থা নেওয়া হবে। পাখিভ্যান, লাটাহাম্বার যদি উপজেলা নির্বাহী অফিসার বা জনপ্রতিনিধিরা নিজের নিজের এলাকার মধ্যে চলতে না দেয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওগুলোর বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে। আর আস্তে আস্তে এসব যান চলতেই দেওয়া হবে না। বাল্যবিবাহের প্রসঙ্গে কথা উঠলে, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনার মধ্যে বেশ কয়েকটা বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে। কোনো কাজী নিজ এলাকার বাইরে গিয়ে বিয়ে পড়াতে পারবে না। যদি এমন খবর পাওয়া যায়, তাহলে কাজীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিয়ের দুই বছর পরেও বাল্যবিয়ের সাজা দেওয়া যায়। যদি এমন প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু শাস্তি দেওয়া হবে। কোনোভাবেই বাল্যবিবাহের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের উদ্দেশ্যে বলেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। জিরো-টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। সভায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, মাদক এবং বাল্যবিবাহ, এই দুটির ক্ষেত্রে পুলিশ সর্বদা সতর্ক। যেভাবেই হোক বাল্যবিবাহ ও মাদক শূন্যের কোটায় আনতে হবে। নির্বাচনগুলো সুষ্ঠ পরিবেশে হচ্ছে। বাকী আছে যেগুলো, সেগুলোও অনেক ভালো হবে। কেউ যদি উটকো ঝামেলা করতে চাই, তা কিন্তু মেনে নেওয়া হবে না। গোয়েন্দারা এবং পুলিশও বেশ সতর্ক। সুতরাং কেউ ঝামেলা করে ছাড় পেয়ে যাবে, তা হবে না। আমরা চিন্তা করি ভালোর জন্য। তাই খারাপ কিছু মেনে নেওয়া হবে না। এসপি জাহিদুল ইসলাম আরও বলেন, শুনি চুয়াডাঙ্গার রাম দা সংস্কৃতির কথা। এই সংস্কৃতি থাকবে না। মানুষের কল্যাণে যা প্রয়োজন পুলিশ তাই করবে। তবে রাম দা সংস্কৃতি থাকবে না। কিশোর গ্যাং-গুলোর বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। অতিদ্রুতই আইনি ব্যবস্থাও নেওয়া হবে। সভার শুরুতে গত সভার কার্যবিরণী পাঠ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন। সভায় আরো বক্তব্য দেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, সিভিল সার্জন ডা. মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, আলমডাঙ্গার মেয়র হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটু বিশ্বাস, জেলা জজ আদালতের পিপি বেলাল হোসেন, সাংবাদিক শাহ আলম সনি, আরিফুল ইসলাম ডালিমসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’