চুয়াডাঙ্গা ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
- আপলোড তারিখঃ
২৮-১০-২০২০
ইং
সরকারি চাকরিতে প্রবেশের নূন্যতম বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে
নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিতে প্রবেশের নূন্যতম বয়সসীমা ৩৫ বছরসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুব ইউনিয়ন। গতকাল মঙ্গলবার জেলা যুব ইউনিয়নের নেতা-কর্মীরা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারে নিকট এই স্মারকলিপি পেশ করেন। এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার স্মারকলিপিটি যথাযথ স্থানে পৌছে দেওয়ার আশ্বাস দেন। জেলা যুব ইউনিয়নের সভাপতি মাসুদ আরিফ ও সাধারণ সম্পাদক শাহেদ জামাল স্বাক্ষরিত স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, ১. সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর করতে হবে। এতে আনকোরা চাকরিপ্রার্থীর পরিবর্তে ন্যুনতম হলেও অভিজ্ঞতাসম্পন্ন চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া সম্ভব হবে। বিশ্বের বিভিন্ন দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর থেকে ৪৫ বছর পর্যন্ত। যেমন- ভারতে ৪০ বছর, শ্রীলংকায় ৪৭ বছর, ইতালিতে ৩৫ বছর। ২. শিক্ষিত বেকার ও কর্মহারা ব্যক্তিদের বেকার ভাতা প্রদান করতে হবে। যে কোনো বেকার ব্যক্তি পরিবারের কাছে বোঝাস্বরূপ। বেকারভাতা পেলে ব্যক্তিগতভাবে নিজের খরচ নিজে মেটাতে পারবে, হীনমন্যতা দূর হবে। পাশাপাশি দরিদ্র পরিবারসমূহের অর্থনৈতিক বোঝা কিছুটা হলেও লাঘব হবে। ৩. অবিলম্বে সরকার কর্তৃক শিক্ষা ও কর্মঅভিজ্ঞতার ভিত্তিতে সকল চাকরিপ্রার্থীর জব রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করতে হবে। ৪. সকল পর্যায়ে উপযুক্ত অভিজ্ঞতাসম্পন্ন সক্ষম ব্যক্তিদের যে কোনো বয়সে সরকারি চাকরিতে প্রবেশের বিধান চালু করতে হবে। যেমন- বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার, প্রশিক্ষক, অভিজ্ঞ কৃষক, কারিগরী শ্রমিক। ৫. সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ঘুষ-দুর্নীতি ও হয়রানিমুক্ত স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানসমূহে সকল পর্যায়ের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। ৬. অনলাইনভিত্তিক আবেদন, এডমিট কার্ড, ভাইভা কার্ড, পরীক্ষা, ফলাফল ইত্যাদি প্রক্রিয়া পুরোপুরিভাবে ডিজিটালাইজড্ করতে হবে। ৭. অতএব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একান্ত প্রার্থনা দেশের জনগণের স্বার্থে জরুরিভাবে উপরোক্ত ৭ দফা দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত স্থাপন করুন।
কমেন্ট বক্স