যে দেশে গুণীদের কদর নেই, সে দেশে গুণীদের জন্ম হয় না
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০২০
ইং
দর্শনায় পুলিশের চার গুণী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদানকালে মেয়র মতিয়ার রহমান
আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল:
‘সত্যের ফুল ফুটুক কলমে’ এ স্লোগানে দর্শনা প্রেসক্লাবে জেলা পুলিশের চার গুণী কর্মকর্তার ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়েছে। চার গুণী পুলিশ কর্মকর্তারা হলেন- চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল, দর্শনা থানার ওসি (তদন্ত) শেখ মাহবুব ও পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। গতকাল শুক্রবার বেলা ১১টায় দর্শনা প্রেসক্লাবে এ চার গুণী পুলিশ কর্মকর্তাকে শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র ও প্রেসক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান।
জানা যায়, চলতি বছরের ৪ জানুয়ারি ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলায় প্রশাসনিক কর্মকাণ্ডে ন্যায়পরায়ণ ও ভাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক, অবৈধ মোটরজান আটকসহ বিভিন্ন কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখায় এক অনুষ্ঠানে তৎকালীন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী চুয়াডাঙ্গা জেলার ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান ও সার্জেন্ট মৃত্যুঞ্জয়কে নিজ হাতে আইজি পদকের ব্যাচ পরিয়ে দেন। এ ছাড়া চলতি বছরেই নবাগত দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুবুর রহমান কাজল পরপর চারবার জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোনীত হওয়ায় তাঁদেরকে এ সম্মানান প্রদান করল দর্শনা প্রেসক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, যে দেশে গুণীদের কদর নেই, সে দেশে গুণীদের জন্ম হয় না। গুণী ব্যক্তিকে সম্মানিত করলে অবশ্যই সেই ব্যক্তি আরও ভালো কাজ করতে আগ্রহী হয়। বর্তমানে দর্শনায় বিভিন্ন ধরনের অপরাধ (মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী আটক, ওয়ারেন্ট তামিলসহ পুলিশি সেবা) আসলেই প্রশংসনীয়। দর্শনা প্রেসক্লাবের এ আয়োজনকে সাধুবাধ জানিয়ে তিনি বলেন, পুলিশ, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের প্রচেষ্টায় একটি সমাজ, জেলা, দেশ তথা রাষ্ট্রকে ব্যাপক পরিবর্তন করা যায়। সাংবাদিকরা দেশের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা রাখতে পারে। এ ছাড়া পুলিশ নিজেদের জীবন বাজি রেখে দেশের অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষাসহ জনগণের জানমাল রক্ষা করে চলেছে। আমরা দেশের জন্য যারা ভালো কাজ করবে, তাদেরকে অবশ্যই সম্মানিত করব। সেই সঙ্গে খারাপ কাজের বিরোধীতা করে সেটা দমন করে দেশের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে হবে।
সাংবাদিক কামরুজ্জামান যুদ্ধোর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও দর্শনা প্রবীণ কমিটির সভাপতি মোশাররফ হোসেন। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি সম্মানিত গুণী পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল, মনিরুজ্জামান সুমন, মেহেদী হাসান, রনি, আহসান হাবীব মামুন, মাছুম বিল্লাহ, ওয়াসিম রয়েল, আব্দুর রহমান, আব্দুল হান্নান, বাদল, রিফাত রহমান, বাধন, ফরাদ হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স