মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, চুয়াডাঙ্গায় আলোচনা সভায় ডিসি নজরুল ইসলাম
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ সারা দেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্যে ছিল ‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। দিবসটি উপলক্ষে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেছেন, সরকার দেশের শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণসহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের সমগ্র জনগোষ্ঠীকে কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে সরকার বদ্ধপরিকর। সরকার জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী মানসম্মত ও সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আমাদের নিরলস প্রচেষ্টায় ১০ বছরে সাক্ষরতার হার ২৮ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৭৪ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে।’ গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার আরও বলেন, ‘শিক্ষার সুযোগের বিষয়টি পুরোপুরি নির্ভর করে সাক্ষরতার ওপর। সাক্ষরতা হচ্ছে মৌলিক শিক্ষার ভিত্তি। তার প্রমাণ আমরা কোভিড পরিস্থিতিতে পেয়ে গেছি। একজন ব্যক্তি ভালোভাবে বাংলা পড়তে পারলেন, সাধারণ যোগ-বিয়োগ পারলেন; কিন্তু এ কোভিডকালীন সময়ে তথ্য প্রযুক্তির বিভিন্ন ডিভাইসগুলোর সঙ্গে পরিচিত নন, ব্যবহার করতে জানেন না; তাকে আমরা এ পরিস্থিতিতে সাক্ষরজ্ঞানসম্পন্ন বলব কি না, তা ভেবে দেখার সময় এসেছে।’
এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’। ভার্চয়াল পদ্ধতিতে এ আলোচনা সভায় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীনের সভাপতিত্ব অতিথি হিসেবে জুম অ্যাপে যুক্ত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।
আলমডাঙ্গা:

আলমডাঙ্গায় সাক্ষরতা দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন। আলোচনা সভায় অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুজ্জোহা, পৌর মেয়র হাসান কাদীর গনু, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, মহিলা কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহম্মদ টিপু, আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, প্রকল্প কর্মকর্তা এনামুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, অ্যাড. আব্দুল মালেক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সম্পাদক হামিদুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম প্রমুখ।
জীবননগর:
‘কোভিড-১৯ সংকট : সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ এ প্রতিপাদ্যে জীবননগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী। এ সময় বক্তারা বলেন, করোনাকালীন সময়ে বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা ব্যবস্থার প্রতিকূলতা কাটিয়ে স্বাভাবিকভাবে শিক্ষা কার্যক্রম চলতে পারে, সে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মানুষের সাক্ষর জ্ঞান থাকা প্রয়োজন।
মেহেরপুর:

মেহেরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। ‘কেভিড- ১৯ সংকট সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখনে কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভায় বক্তব্য দেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর এ ডি কবির আহমদ মোল্লা, মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে রহমান, মেহেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, পিটিআই সুপার মাহফুজুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।
মুজিবনগর:

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মুজিবনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দিকে এ র্যালি অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের নের্তৃত্বে র্যালিটি মুজিবনগর উপজেলা পরিষদ থেকে শুরু করে মুজিবনগর কমপ্লেক্স হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখনে কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।