বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গ্যাস লিকেজেই নারায়ণগঞ্জ ট্র্যাজেডি

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২০ ইং
গ্যাস লিকেজেই নারায়ণগঞ্জ ট্র্যাজেডি
মুয়াজ্জিনের পর চলে গেলেন ইমাম, এ পর্যন্ত ২১ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৬ সমীকরণ প্রতিবেদন: প্রাকৃতিক গ্যাসের দক্ষ ও নিরাপদ বিতরণের রূপকল্প নিয়ে গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষে সৃষ্ট তিতাস গ্যাস কর্তৃপক্ষ কার্যত টাকা ছাড়া কথাও বলে না গ্রাহকদের সঙ্গে নারায়গঞ্জ ট্র্যাজেডির পর এমনটাই বলছেন সবাই। নারায়ণগঞ্জ ট্র্যাজেডির জন্য তিতাস কর্তৃপক্ষকেই দায়ী করছেন ফতুল্লার বাসিন্দারা। তারা বলছেন, ৯ মাস আগেই গ্যাস লিকেজ মেরামতের জন্য লিখিতভাবে তিতাস কর্তৃপক্ষকে অবহিত করা হলেও মাত্র ৫০ হাজার টাকার জন্য কাজ করেনি তিতাস। অর্থপিপাসু তিতাস গ্যাসের অবহেলাতেই শুক্রবার রাতে ঘটে যায় নারায়ণগঞ্জ ট্র্যাজেডি। এদিকে ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এ বিস্ফোরণে গতকাল পর্যন্ত ঝরে গেলো ২১টি তাজা প্রাণ। আর কত প্রাণ ঝরলে টনক নড়বে তিতাসের— এমন প্রশ্নই এখন সবার মুখে মুখে। মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুর মেম্বার বলেন, গ্যাসলাইন লিকেজ হওয়ার বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তা মেরামত করার জন্য তিতাসকে জানিয়েছিলাম। তখন তারা আমাদের কাছে ৫০ হাজার টাকা চেয়েছিল। আমরা টাকা জোগাড় করতে পারিনি বলে আর মেরামত করা হয়নি। যদিও মসজিদে বিস্ফোরণের পর গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী মোহাম্মদ আল মামুন। অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, কেউ দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিতাসের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এ ঘটনায় যদি কেউ দায়ী থাকে তাহলে তার বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে। আর গ্যাসলাইনের লিকেজ ধরেই তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ও ফায়ার সার্ভিসের করা তদন্ত কমিটির সদস্য সচিব নূর হাসান। তিনি বলেন, আমরা আলামত সংগ্রহ করছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলছি। গ্যাস লিকেজ এবং বিদ্যুতের বিষয় মাথায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছি। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ টি এম মোশাররফ হোসেন, ডিপিডিসির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম। গতকাল সকাল থেকেই এ কমিটি কাজ করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংযোগে সমস্যা— এই দুটি বিষয়কে প্রাধান্য দিয়েই তদন্তকাজ করছেন বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। তারা ঘটনার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখবেন। ঘটনাটি নাশকতার কোনো ঘটনা কিনা এমন প্রশ্নে খাদিজা তাহেরা ববি জানান, ‘আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। তথ্য সংগ্রহ করছি। এখনো এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, মসজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের সংযোগ লাইন গিয়েছে। সেখান থেকে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। আবার অনেকে বললেন, একবার বিদ্যুৎ গিয়ে চার-পাঁচ মিনিট পর আবার এসেছে। দ্বিতীয়বার বিদ্যুৎ আসার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা এই দুটি সমস্যাকে সামনে রেখেই তদন্তকাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তদন্ত সম্পন্ন হলে আমরা আমাদের রিপোর্টে বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসকের কাছে তা জমা দেবো। এদিকে ভয়াবহ এ বিস্ফোরণের পর সকল বিতরণ কোম্পানির আওতাধীন এলাকায় মসজিদ-মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ ও এসির অবস্থা পরীক্ষা করার জন্য গতকাল নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এ ঘটনায় শিশু ও মসজিদের মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গতকাল বিকাল পর্যন্ত মো. নয়ন (২৭) ও কাঞ্চন হাওলাদার (৫৩) নামে দুজনসহ মৃত্যু হয় ১৭ জনের। অন্যদের মধ্যে রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০) ও মাইনুদ্দিন (১২), (দুজনের নাম জানা যায়নি)। নারায়ণগঞ্জ সদর থানা নির্বাহী কর্মকর্তা নাহিদ বারিক গতকাল বিকালে বলেন, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তাদের ২০ হাজার করে টাকা দেয়া হয়েছে। এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন খান জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে শনাক্তের পর বিনা ময়নাতদন্তে বিকাল ৫টা পর্যন্ত ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তিনি বলেন, অনেক রোগীর পারসেন্টেজ কম থাকলেও তাদের বেশির ভাগের শ্বাসনালী পুড়ে গেছে এবং অবস্থা খুবই গুরুতর।আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন এদের চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। বার্ন ইউনিটের চিকিৎসক, পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে বার্ন ইউস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে এ কথা বলেছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। তিনি বলেন, আপনারা শুনলে খুশি হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাত থেকে একাধিকবার খোঁজ নিয়েছেন। জানতে চেয়েছেন চিকিৎসায় আর কী কী করা যেতে পারে। সর্বোচ্চ কী চিকিৎসা নেয়া যেতে পারে, দগ্ধদের জন্য কী করা যায়। তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নারায়ণগঞ্জে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। আমরা যতটুকু শুনেছি তারা ঘটনার সূত্রপাত আইডেন্টিফাই করেছে এবং গ্যাস পাইপের লিক কোন জায়গা থেকে বের হয়েছে তাও জানা গেছে। তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে কেন এ ঘটনা ঘটেছে। জেলা প্রশাসকের কাছ থেকে শুনেছি তদন্ত অব্যাহত আছে, আশা করি দ্রুতই আপনারা জানতে পারবেন। এসি বিস্ফোরণের এ ঘটনায় আহত ও নিহতদের সহায়তায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে একটি জরুরি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। স্বজনরা এখান থেকে সব ধরনের তথ্য ও সহযোগিতা পাবেন। এছাড়া নিহতদের মরদেহ হস্তান্তরের বিষয়ে স্বজনদের একটি হটলাইন খুলেছে পুলিশ। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মরদেহ গ্রহণ ও হস্তান্তরের জন্য স্বজনদের এই ০১৭৩২৮৯২১২১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া আহত মুসল্লিদের চিকিৎসার বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় খোঁজখবর রাখছে বলে জানিয়েছেন সচিব ড. নুরুল ইসলাম। মর্মান্তিক এই দুর্ঘটনায় মুসল্লিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি। এছাড়া মারা যাওয়া মুসল্লিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


কমেন্ট বক্স
notebook

ফুফুর টাকা হাতিয়ে নিতে ভাতিজার ‘ছিনতাই নাটক’