ফেনসিডিল-গাঁজাসহ সাতজন আটক
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২০
ইং
চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের মাদকবিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল, গাঁজাসহ সাতজনকে আটক করেছে। গতকাল বুধবার সদর থানার আলুকদিয়া ইউনিয়ন ও পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও ৩ শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল পাড়ার মৃত শান্তির ছেলে পলাশ (৩৮), আলুকদিয়া হুচুকপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান (৪৮), চকপাড়ার মৃত সুজনের ছেলে নাঈম (১৮), ঝোড়াঘাটার রাজ্জাকের ছেলে শাহিন (১৮), ভালায়পুর মসজিদপাড়ার মিলন আলীর ছেলে সুজোন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের আকবার আলীর ছেলে আমজাদ হোসেন (৩৮) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মতিয়ার (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চুয়াডাঙ্গা জেলাব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান চলছে। চলমান ওই মাদকবিরোধী অভিযানে গতকাল সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শহরের বেলগাছি গ্রামে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। ওই ঘটনায় শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুরাতন হাসপাতাল পাড়ার তরিকুল ইসলাম তুহিন পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী শান্তিকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। অপর দিকে, শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশিক ফোর্স নিয়ে শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ শ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জমাদীসহ ছয় মাদকসেবীকে আটক করেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পলাতকসহ আটক হওয়া ব্যক্তিদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করেন।
ফেনসিডিল, গাঁজাসহ সাতজনকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, জেলাব্যাপী চলা বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করেন সদর থানার পুলিশ। তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে।
কমেন্ট বক্স