সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

  • আপলোড তারিখঃ ০৭-০১-২০২০ ইং
উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
চুয়াডাঙ্গা শিল্পকলায় অরিন্দম সাংস্কৃতিক উৎসব শুরু আজ, সব প্রস্তুতি সম্পন্ন জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ আজ এস এম শাফায়েত: আবহমান বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের বরণডালা সাজিয়ে বছরের সবচেয়ে বড় উৎসবের জন্য প্রস্তুত চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অরিন্দম সাংস্কৃতিক সংগঠন’। জেলা শিল্পকলা একাডেমিতে রীতিমতো সাজ সাজ রব। গতকাল গভীর রাত পর্যন্ত দেখা গেছে শেষ পর্যায়ের প্রস্তুতি আর মহড়া। শিল্পকলা প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে নান্দনিক উদ্বোধনী মঞ্চ। তার পাশে রয়েছে সংগঠনের নিজস্ব একটি ও কৃষি বিভাগের একটি করে দুটি স্টল। এছাড়া শিল্পকলার উন্মুক্ত মঞ্চই আয়োজনের মূল অনুষ্ঠান মঞ্চ, তার সঙ্গে অতিথি ও দর্শকদের জন্য প্রস্তুত করা হয়েছে সাড়ে পাঁচ হাজার বর্গফুটের বিশাল প্যান্ডেল। এ ছাড়া প্রধান ফটকে শোভা পেয়েছে বাঁশ ও বেতের তৈরি ব্যতিক্রম গেট, আর প্রবেশ পথে রংতুলির আলপনা। ‘বাঙালি সংস্কৃতির শুদ্ধ বারতা, বুদ্ধির মুক্তি ও চিন্তার স্বাধীনতা’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ছয় দিনব্যাপী ‘অরিন্দম সাংস্কৃতিক উৎসব-২০২০’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি থাকবেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এরপর সেখান থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে। শহরজুড়ে আনন্দ শোভাযাত্রা, আনন্দ উল্লাস শেষে অনুষ্ঠান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেবেন অরিন্দমের সাধারণ সম্পাদক আব্দুস সালাম সৈকত ও উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আলাউদ্দীন। পর্যায়ক্রমে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য শেষে অরিন্দমের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হবে। এতে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আলোচনা শেষে গুণীজন সম্মাননা প্রদান করা হবে। এবার সাহিত্য, সংস্কৃতি, সংগঠকসহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পাবেন নওরোজ মোহাম্মদ সাঈদ, সিরাজুল ইসলাম, নজির আহমেদ ও শফিক তুহিন। সম্মাননা প্রদান শেষে জেলাব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। আলোচনা, সম্মাননা ও পুরস্কার বিতরণের পর সন্ধ্যা সাতটায় অরিন্দমের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘নীল সিন্দুরিয়া’। ছয় দিনব্যাপী আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে প্রতিদিনের উৎসবসূচি ও সংবাদ পরিবেশন করবে দৈনিক সময়ের সমীকরণ। পূর্বনির্ধারিত উৎসবসূচি অনুযায়ী প্রতিদিন থাকবে সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, আবৃত্তি, গণসংগীত, আলোচনা ও নাটক। এতে অংশ নেবেন রাজধানী ঢাকাসহ ভারতের স্বনামধন্য সব সাংস্কৃতিক সংগঠন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড