জীবননগরে ছিনতাইয়ের অভিযোগে দু’জন আটক
- আপলোড তারিখঃ
১৬-১২-২০১৭
ইং
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের দেহাটি বাজার থেকে দুই ছিনতাইকারীকে আটক করেছে শাহাপুর ক্যাম্প পুলিশ। গতকাল শুক্রবার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে দিনে দুপরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলের গতিরোধ করে নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। আটককৃত দুই ছিনতাইকারী হলো- জীবননগরের কেডিকে ইউনিয়নের নূর মোহাম্মদ শাহ্’র পুত্র আব্দুর রশিদ শাহ্ (৩৮) ও আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মৃত শেখ শাহাবুদ্দিন এলাহীর পুত্র শেখ রিপন হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের কন্যনগর গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে কাঁচামাল ব্যবসায়ী নূর হোসেন ও চুয়াডাঙ্গা জেলার ঘুগরাগাছী গ্রামের মৃত আব্দুল কাদের খানের ছেলে মোস্তাফিজুর রহমান লালটু সন্তোষপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে দেহাটি নামক স্থানে পৌছালে তাদেরকে গতিরোধ করে এলাকার চিহ্নিত দুই মাদকসেবী আব্দুর রশিদ শাহ্ ও শেখ রিপন হোসেন। এ সময় তাদের ওপর হামলা চালিয়ে কাঁচামাল ব্যবসায়ী নুর হোসেনের নিকট থেকে জোরপূর্বক নগদ ১২ হাজার ৭শত টাকা ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় শাহপুর ক্যাম্প পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন নূর হোসেন। পরে শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই লিটন গাজী এবং এসআই রাহাত হাসান গোপন সংবাদের ভিত্ততে দেহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত রশিদ ও রিপনকে গ্রেফতার করে। গতকাল শুক্রবার বিকেলে আটক দুই ছিনতাইকারীকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট বক্স