বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৬-১১-২০২৬ ইং
জীবননগরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে। গতকাল বুধবার রাত ৮টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তাঁরা আলাদা বসবাস করছিলেন।


স্বজনদের অভিযোগ, বিবাহবিচ্ছেদের পরও সাবেক স্ত্রী ও তাঁর পরিবারের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দেওয়া ও মারধরের ঘটনা ঘটেছে। প্রায় দেড় মাস আগেও পাপিয়া খাতুন ও তাঁর দুই ভাই ওসমান (৪০) এবং ইসমাইল (৩৫) তাঁকে মারধর করে আহত করেন বলে অভিযোগ রয়েছে।


নিহতের পরিবারের দাবি, গতকাল বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তাঁর সাবেক স্ত্রী পাপিয়া খাতুন এবং দুই শ্যালক ওসমান ও ইসমাইল তাঁর ওপর হামলা চালান। এসময় তাঁকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাঠে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছেলে জিনারুল বলেন, চার বছর আগে তাঁর বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাঁরা আলাদা বসবাস করছিলেন। তবে তাঁর মা ও মামারা বিভিন্ন সময়ে বাবাকে হুমকি-ধমকি দিতেন। দেড় মাস আগেও তাঁকে মারধর করে আহত করা হয়েছিল।


জিনারুল আরও বলেন, বাবাকে মারধর করে মিনাজপুরের একটি মাঠে ফেলে রাখার খবর পান তাঁরা। পরে হাসপাতালে গিয়ে বাবার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পান। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে নেওয়ার প্রস্তুতি চলছিল। কিন্তু এর আগেই তিনি মারা যান।


জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তৌহিদুর রহমান জানান, রাত ৮টার দিকে শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন নিয়ে আব্দুল খালেক হাসপাতালে ভর্তি হন। তখন তিনি জীবিত ছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই তিনি মারা যান।


জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গায় পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গার ইউএনও শাহীনুর আক্তারের বিদায় সংবর্ধনা