শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
কার্পাসডাঙ্গায় মাহবুর মেম্বারের বিএনপির সমর্থন পেতে দৌড়ঝাঁপ

টগরের হাতে নৌকা উপহার দেয়ার ছবি ভাইরাল

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২৬ ইং
টগরের হাতে নৌকা উপহার দেয়ার ছবি ভাইরাল

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মাহবুর রহমানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছবিতে তাঁকে ও তাঁর ভাই মিদ্দারসহ কয়েকজনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরকে নৌকা প্রতীক উপহার দিতে দেখা যায়।


স্থানীয় বিএনপির একাধিক নেতা-কর্মী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মাহবুর মেম্বার ও তাঁর ভাই মিদ্দার রাজনৈতিকভাবে সুবিধাবাদী। তাঁদের দাবি, সাবেক সংসদ সদস্য আলী আজগর টগরের সর্বশেষ নির্বাচনের সময় মাহবুর মেম্বার পীরপুরকুল্লার কালুর মোড়ে টগরের হাতে হাত রেখে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছিলেন। বিষয়টি ওই এলাকার অনেকেরই জানা। ওই সময় তিনি নৌকার পক্ষে এবং সাবেক সংসদ সদস্য টগরের নির্বাচনী কার্যক্রমেও সক্রিয়ভাবে কাজ করেছিলেন বলে দাবি করেন তাঁরা।


নেতা-কর্মীদের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার পালাবদলের সঙ্গে তাল মিলিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন মাহবুর মেম্বার ও তাঁর ভাই। তাঁদের ভাষ্য, ৫ আগস্টের পর মাহবুর মেম্বার আবারও নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেছেন। বর্তমানে তিনি পুনরায় মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি বিএনপির দলীয় সমর্থন পেতে বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করছেন বলেও অভিযোগ উঠেছে।


এ ঘটনায় স্থানীয় বিএনপির ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের দাবি, দলের দুঃসময়ে যারা বিএনপির পাশে ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁদের মূল্যায়ন না করে বিতর্কিত ও সুবিধাবাদী ব্যক্তিদের দলীয় সমর্থন দেওয়া হলে ত্যাগী নেতা-কর্মীরা হতাশ হবেন।


এ বিষয়ে মাহবুর মেম্বারের বক্তব্য জানতে তাঁর মুঠোফেনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। তবে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. জুলফিকার আলী ভুট্টো জানান, ‘আমি শুনেছি তিনি বিগত সময় আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠা-বসা করতেন। আর নৌকা উপহার দেওয়ার বিষয়টি আমার জানা ছিল না, আপনাদের মাধ্যমে জানলাম। তবে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এ অবস্থায় বিএনপির ত্যাগী নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁদের দাবি, মাহবুর মেম্বারের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান ভূমিকা যাচাই করে যেন দলীয় সিদ্ধান্ত নেওয়া হয় এবং কোনো সুবিধাবাদী ব্যক্তি যাতে দলীয় সমর্থন নিয়ে মেম্বার প্রার্থী হওয়ার সুযোগ না পান সে বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেছেন তাঁরা।



কমেন্ট বক্স