কৃষক ফসল উৎপাদন করলেও ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। উৎপাদন খরচ, শ্রম ও পরিচর্যার পেছনে বিপুল অর্থ ব্যয় করেও মধ্যস্বত্বভোগী, ব্যাপারী, আড়তদার এবং পাইকারি ও খুচরা বিক্রেতাদের কয়েক ধাপের হাতবদলের কারণে ফসলের প্রকৃত মূল্য পান না কৃষকেরা। অন্যদিকে একই পণ্য ভোক্তাদের কিনতে হয় তুলনামূলক বেশি দামে। কৃষক ও ভোক্তার মধ্যকার এই ব্যবধান কমিয়ে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।
আশার কৃষি উইংয়ের ‘মার্কেট লিংকেজ’ কার্যক্রমের আওতায় চুয়াডাঙ্গার জীবননগরসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফল ও সবজি সরাসরি ঢাকার ক্রেতাদের কাছে বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে কৃষকেরা প্রচলিত বিপণনব্যবস্থার মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে নিজেদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারছেন। এতে একদিকে কৃষকের ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, অন্যদিকে ভোক্তারাও তুলনামূলক সাশ্রয়ী দামে তাজা কৃষিপণ্য কেনার সুযোগ পাচ্ছেন।
এ কার্যক্রমে কৃষকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের ব্যবস্থা করে দেয় আশা। কৃষকদের ঢাকায় পণ্য বিক্রির জন্য প্রয়োজনীয় বাজারসংযোগ তৈরি, বিক্রয়কেন্দ্রের ব্যবস্থা এবং বিক্রির ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন সংস্থাটির সংশ্লিষ্ট কর্মকর্তারা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এ ধরনের বাজারসংযোগ তৈরি করে দিতে কৃষকদের কাছ থেকে কোনো সার্ভিস চার্জ বা অর্থ নেওয়া হয় না।
ঢাকা শহরের প্রাণকেন্দ্র মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেরেবাংলা নগর কৃষকের বাজারে নির্ধারিত স্টলে আশার সঙ্গে যুক্ত কৃষকেরা সরাসরি বসে তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন। এছাড়া সংস্থাটির প্রধান কার্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন খালি জায়গায় কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা রয়েছে। পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমেও কৃষকদের উৎপাদিত ফল ও সবজি বিক্রিতে সহযোগিতা করা হয়।
গত মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার দুই কৃষকের খেতে যেয়ে দেখা যায়, তারা বাগান পরিচর্চায় ব্যস্ত। এসময় কৃষককেরা জানান, গত অক্টোবরে জীবননগরে ড্রাগন বিক্রি হচ্ছিল ৮০ টাকা করে কেজি। তবে আশার মাধ্যমে ড্রাগন ঢাকায় নিয়ে যেয়ে ১৯০ টাকা করে বিক্রি করেছেন। আশার এই উদ্যোগে তারা লাভবান হচ্ছেন।
আশার মার্কেট লিংকেজ অফিসার (কৃষি) জসিম উদ্দিন বলেন, জীবননগরে সার্বিক বিষয় দেখাশোনা করেন কুষ্টিয়া টেরিটরি ম্যানেজার (কৃষি) মো. আব্দুর খালেক ও আন্দুলবাড়িয়া-১ শাখার ম্যানেজার নাসির উদ্দিন। তারা কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং তাঁদের উৎপাদিত ফসল যেন কোনো মধ্যস্বত্বভোগীর সহায়তা ছাড়াই ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন, সে ব্যবস্থা করে দেন। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং তাঁদের বাজারজাতকরণে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।’
আশার চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট ম্যানেজার অজয় কুমার দাস বলেন, ‘ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের শেরেবাংলা নগর কৃষকের বাজারে নির্ধারিত স্টলে আশার কৃষকেরা সরাসরি তাঁদের পণ্য বিক্রি করতে পারেন। এ ছাড়া আমাদের প্রধান কার্যালয়ের পশ্চিম গেটসংলগ্ন স্থানে এবং ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমেও কৃষকদের পণ্য বিক্রির সহযোগিতা করা হয়। এ কার্যক্রমে কৃষকদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ নেওয়া হয় না। আমরা চাই, কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান এবং আর্থিকভাবে লাভবান হন।’
জীবননগর অফিস