চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের সাজা দেওয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার গোরস্থানপাড়ার রিয়াদ জোরদার (২৭), জোয়ার্দারপাড়ার আতিকুর রহমান (২৭), দৌলতদিয়াড়ের গালিব (১৮), মল্লিকপাড়ার ইয়াসিন আরাফাত (২০) এবং পলাশপাড়ার মানিক (২২)।
ভ্রাম্যমাণ আদালত রিয়াদ জোয়ার্দার ও আতিকুর রহমানকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। অপর তিনজন গালিব, ইয়াসিন আরাফাত ও মানিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক