জীবননগরে পাউরুটি, কেক ও বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় আন্দুলবাড়ীয়াট এস এ ফুড নামের একটি বেকারির বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জীবননগর বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহর ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, মঙ্গলবার বিকেলে প্রথমে জীবননগর বাজারে ইসলামী ব্যাংকের সামনে একটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ফার্মেসিটিতে অভিযান চালিয়ে কোনো অনিয়ম পাওয়া যায়নি। এসময় ফার্মেসির সামনে দাঁড়িয়ে থাকা এস এ ফুড নামের একটি বেকারির ভ্যানগাড়িতে থাকা পাউরুটি, কেক, বিস্কুটসহ বিভিন্ন পণ্যে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার বিষয়টি নজরে আসে। পরে এ অপরাধে বেকারিটির বিক্রয় প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জীবননগর থানা-পুলিশের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের গোপনীয় সহকারী মিজানুর রহমান।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া