বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্বামীর বিরুদ্ধে ৫ মামলা, আদালতে সোপর্দ
  • আপলোড তারিখঃ ২২-১০-২০২৬ ইং
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার

আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় পলাতক আসামি সুষম কাওনাইন (৩৭) ও তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়ায় তাঁদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আলমডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সুষম কাওনাইন আলমডাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকার মৃত ইফতেখারুল কাওনাইন ওরফে হিলু মিয়ার ছেলে। তাঁর স্ত্রী তাহমিদা ইসলাম তন্নিকেও একই বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর আলমডাঙ্গা থানায় দায়ের করা একটি মাদক মামলায় তাঁরা এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক), ৪০ ও ৪১ ধারায় দায়ের করা হয়। এ ছাড়া সুষম কাওনাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে আলমডাঙ্গা থানায় আরও পাঁচটি মামলা রয়েছে।


পুলিশের দাবি, গ্রেপ্তারের পর সুষম কাওনাইনের ব্যবহৃত স্মার্টফোন পর্যালোচনা ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আলমডাঙ্গা থানা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স