আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি ক্লিনিক ও এক চিকিৎসককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে পৌর শহরের আনন্দধাম এলাকার ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং কলেজপাড়ার লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ফিরোজা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিচালিত অভিযানে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২-এর ১৩(২) ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৪০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অন্যদিকে, শহরের কলেজপাড়ায় অবস্থিত লোকমান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে একই অধ্যাদেশের ১৩(২) ধারায় ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. আব্দুর রউফ শিবলু। এসময় আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা