দামুড়হুদা উপজেলায় দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি উপজেলার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
উপজেলা পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, এবার দামুড়হুদা উপজেলায় ২০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছেন প্রতিমাশিল্পী ও আয়োজকেরা। প্রতিমায় রং করা, পোশাক ও অলংকার পরানো এবং মণ্ডপ সাজানোর কাজ শেষ হয়েছে।
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি, দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, পূজার আগে, চলাকালে ও পরে মণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার থাকবে। আনসার সদস্যদের পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপে পুলিশ মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের তৎপরতা থাকবে।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন, ‘দুর্গাপূজা হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। সব পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব শেষ হবে।’
প্রতিবেদক দামুড়হুদা