আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযানে ফার্মেসিতে বিক্রয়ের উদ্দেশ্যে ফিজিশিয়ান স্যাম্পুল সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ফার্মেসি মালিক ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধিকে (এমআর) জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় কল্যাণ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ওষুধ কোম্পানির ফিজিশিয়ান স্যাম্পুল ও মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেট উদ্ধার করা হয়।
জানা যায়, জাতীয় কল্যাণ ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল ও চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ওষুধ পরিদর্শক ইকরামুল করিম থানা-পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় ফার্মেসি থেকে এসিআই ফার্মাসিউটিক্যালস, নাভানা ফার্মাসিউটিক্যালসসহ কয়েকটি প্রতিষ্ঠানের ফিজিশিয়ান স্যাম্পুল উদ্ধার করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও উদ্ধার করা হয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ফিজিশিয়ান স্যাম্পুল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে জাতীয় কল্যাণ ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পুল সরবরাহের অপরাধে এসিআই ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি (এমআর) রুবেল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ওষুধ প্রশাসন ও থানা পুলিশের এসআই কাজী শফিকুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান প্রতিবেদক,আলমডাঙ্গা