রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৬ ইং
ঝিনাইদহে সাপের ছোবলে তরুণের মৃত্যু

শোবার ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন (১৮)। ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপের ছোবলে তার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে ঝিনাইদহ সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মিকাইল ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রাতে ঘরে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলেন মিকাইল। ভোরের দিকে ঘুমন্ত অবস্থাতেই একটি বিষধর সাপ তাকে দংশন করে। কিছুক্ষণ পর তীব্র বিষক্রিয়া অনুভব করলে ও শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা দ্রুত তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, রোগীকে হাসপাতালে আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল। বিষ শরীরে ছড়িয়ে পড়ার পর অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে আনা গেলে হয়তো তাকে রক্ষা করা যেত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




কমেন্ট বক্স