ঝিনাইদহের মহেশপুর থানাকে মাদক, জুয়া ও অপরাধমুক্ত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান। তিনি বলেছেন, মাদক ও অনলাইন মোবাইল জুয়ার বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। গতকাল বুধবার দুপুর ১২টায় মহেশপুর থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে বিস্তৃত মোবাইল জুয়া প্রতিরোধ এবং সামাজিক বিশৃঙ্খলা দমনে পুলিশের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথির বক্তব্যে ওসি আজাদুর রহমান বলেন, মহেশপুর উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে থাকবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি ওবাইদুল হক, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, আব্দুর রহিম, সোহেল রানা, রবিউল ইসলাম, মশিয়ার রহমান টিংকু, সেলিম রেজা, শেখ এনামুল হক দুলু, রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রাজ্জাক রাজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
প্রতিবেদক মহেশপুর