খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অফিসারের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। সেন্টার ফর ল’ অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ)-এর সহযোগিতায় রিসোর উদ্যোগে দেশব্যাপী চলমান ক্যাম্পেইন কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্মারকলিপি গ্রহণ করে চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ বলেন, এটি আমাদের সবার দাবি। বর্তমান সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা চূড়ান্ত ও কার্যকর করার বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যেই আপনাদের এ দাবি পূরণ হবে। এসময় চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য অফিসারের কার্যালয়ে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, সাংবাদিক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
ক্যাম্পেইন আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের সমর্থন সংগ্রহ, অবস্থান কর্মসূচি এবং খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান উল্লেখযোগ্য।
সমীকরণ প্রতিবেদক