হুইপ ছেলুন জোয়ার্দ্দারের শারীরিক অবস্থার উন্নতি
- আপলোড তারিখঃ
২৫-১১-২০১৭
ইং
উন্নত চিকিৎসার্থে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে নিজ জেলায় ফিরে ডেঙ্গুজরাক্রান্ত চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে রাজধানীর ল্যাব এইড প্রাঃ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় মেঘনা এভিয়েশনের বেল-৪০৭ জিএক্স এয়ার এ্যাম্বুলেন্সযোগে ফের ঢাকায় নিয়ে যাওয়া হয় তাঁকে। এ সময় টাউন ফুটবল মাঠে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক হুইপ ছেলুন সহোদর রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অর্থ সম্পাদক আলী রেজা সজল, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহ-সভাপতি শাহাবুল ইসলামসহ দলীয় নেতাকর্মী ও স্বজনরা। হুইপ ছেলুন জোয়ার্দ্দার বর্তমানে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সমীর কুমার সাহা’র পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়াও স্ত্রী আক্তারী হাসান জোয়ার্দ্দার মালা ও মেয়ে প্রথমা জোয়ার্দ্দার এবং ভাতিজা জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার তাঁর সার্বিক দেখভাল করছেন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি এখন অনেকটা সুস্থ তবে; পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে। এজন্য বেশ কিছুদিন বিশ্রাম করা লাগবে তাঁকে। আপাতত তাঁর সকল কর্মসূচী সাময়িক সময়ের জন্য বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত পরশু বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়েই ঢাকা সংসদ ভবনের বাসভবন থেকে চুয়াডাঙ্গায় আসেন হুইপ ছেলুন। বিকেলে জ্বরের মাত্রা বাড়লে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর রক্ত পরীক্ষা করা হয়। সন্ধ্যায় রিপোর্টে ধরা পড়ে হুইপ ছেলুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাঁর রক্তে ডেঙ্গুর উপস্থিতি রয়েছে জানতে পেরে দলীয় সহকর্মী ও পরিবারের সিদ্ধান্তে চিকিৎসকদের পরামর্শে শুক্রবার তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা ল্যাব এইড হাসপাতালে নেয়া হয়।
কমেন্ট বক্স