শনিবার, ৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের অভিযানে গ্রেপ্তার ১৯

১০৬টি উদ্ধারকৃত মোবাইল ও টাকা গ্রাহকদের কাছে হস্তান্তর
  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২৬ ইং
ঝিনাইদহে সাইবার ক্রাইম সেলের অভিযানে গ্রেপ্তার ১৯

ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে উদ্ধার হওয়া ১০৬টি মোবাইল ফোন এবং প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ও টাকা প্রকৃত প্রাপকদের হাতে তুলে দেন ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।


গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত পরিচালিত অভিযানে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর থানার দুটি হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার, কোটচাঁদপুর থানার ডাকাতি মামলার ৩ ডাকাত গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার, সদর থানার দস্যুতা মামলার ১০ আসামি গ্রেপ্তার ও লুণ্ঠিত ইজিবাইক ও মোবাইল উদ্ধার, কালীগঞ্জ থানার দস্যুতা মামলার এক আসামি গ্রেফতার এবং সদর থানার দুটি অপহরণ মামলার ২ ভিকটিম উদ্ধারসহ মোট ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে ১০৬টি হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ভুলবশত চলে যাওয়া ৬৭ হাজার ৪৫৭ টাকা।


সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক ও স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৮ জন ভিকটিমকে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হয়েছে এবং সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নিখোঁজ হওয়া ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।


মোবাইল ফোন ও টাকা হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সাইবার অপরাধ প্রতিরোধ ও জনগণের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও প্রযুক্তি নির্ভরতার সাথে কাজ করে যাচ্ছে। সাইবার বুলিং একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধ। নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মোসফেকুর রহমান এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আজ জীবননগরের স্থানীয় শহিদ দিবস