জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক চারটি মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল জাতীয় সিরাপ, ভায়াগ্রা, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ এবং দুটি বাইসাইকেল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টা ৫০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫০/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিনের পাটক্ষেতের পাশ থেকে সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এদিকে, গতকাল সোমবার সকাল ৬টা ২০ মিনিটে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/৫-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের আব্বাস মিয়ার আমবাগানে অভিযান চালিয়ে হাবিলদার মো. কাউসার হোসেনের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা দুটি বাইসাইকেলসহ ৭২ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করেন।
এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ^রচন্দ্রপুর গ্রামের জলিলের মরিচক্ষেতে অভিযান চালিয়ে হাবিলদার মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ২৪ বোতল ভারতীয় সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।
এছাড়া, গত রোববার রাত ৯টা ৫০ মিনিটে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে প্রায় ১৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলম মিয়ার আমবাগানে পরিচালিত পৃথক চোরাচালান বিরোধী অভিযানে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে ১ হাজার ৯৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
সমীকরণ প্রতিবেদক