মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি লুৎফুন নাহার

কৃষক কার্ডে বৈষম্য নয়, স্বাস্থ্যসেবার মান বাড়াতে হবে
  • আপলোড তারিখঃ ২০-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ডিসি লুৎফুন নাহার

চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম পর্যালোচনা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।


সভায় জানানো হয়, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়কের ঝুঁকিপূর্ণ গাছ দ্রুত অপসারণ করা হবে। জীবননগর উপজেলার উথলীতে জেলা পরিষদের উদ্যোগে ১২ বিঘা জমির ওপর একটি শিশুপার্ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসিইউ অ্যাম্বুলেন্সের রুট পারমিটসহ অন্যান্য জটিলতা দূর করে দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে। হাসপাতালের আইসিইউ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলা হয়।


এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ, জলাবদ্ধতা নিরসন, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, কার্পাসডাঙ্গা ডিসি ইকো পার্ক ও যাতায়াত সড়কের সংস্কার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করা এবং অতিরিক্ত সার বিতরণ না করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান, জেলার মৃত গাছগুলো দ্রুত অপসারণ করা হবে। বন বিভাগের নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে এসব গাছ বিক্রি করা হবে। একই সঙ্গে উথলীতে শিশুপার্ক নির্মাণের সিদ্ধান্তের কথাও তিনি তুলে ধরেন।


চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার বলেন, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলজ ও একটি করে বনজ গাছ বিতরণ করা হবে এবং সেগুলোর পরিচর্যা নিশ্চিত করা হবে।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, জেলার চারটি উপজেলার চারটি ব্লকে মোট ১০ হাজার ৭৩৫ জন কৃষককে কৃষক কার্ডের আওতায় আনার জন্য নির্বাচন করা হয়েছে। এ কার্ডের মাধ্যমে কৃষকরা সার কেনাসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন। বর্তমানে ইউরিয়া সারের ৪৯ দশমিক ৫০ শতাংশ উত্তোলন হয়েছে। জেলায় সারের কোনো সংকট নেই, তবে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে।


এ প্রসঙ্গে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কৃষক কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিভাজন চলবে না। দল-মত নির্বিশেষে প্রকৃত কৃষকদের কার্ড দিতে হবে। কেউ কৃত্রিম সার সংকট সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


চুয়াডাঙ্গা জেলা খাদ্য কর্মকর্তা জানান, জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ অর্জিত হয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ৫২৭ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় খাদ্যশস্য আগাম মজুদ রাখা হচ্ছে।


জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে এবং মশক নিধন কর্মসূচি জোরদার করতে হবে। বর্ষাকালে নির্মাণাধীন ভবন, ফুলের টব ও ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে হবে। এছাড়া সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে দখল হওয়া সরকারি জায়গা দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন।


স্বাস্থ্যসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। সম্প্রতি স্থাপিত আইসিইউর মূল্যবান যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। ফিফা বিশ^কাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে তিনি বিদ্যুৎ বিভাগকে রাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন। প্রয়োজনে দিনের বেলায় লোডশেডিং করে রাতের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ দেন। একই সঙ্গে সবাইকে বিদ্যুতের অপচয় কমানোর আহ্বান জানান।


জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল বলেন, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের অর্জনের হার ৬০ থেকে ৬৫ শতাংশের মধ্যে রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতির হারও আগের তুলনায় বেড়েছে। তবে জেলা প্রশাসক এ মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, জেলার প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত করতে হবে। অনেক শিক্ষার্থী এখনও ঠিকভাবে পড়তে ও লিখতে পারে না। খুব শিগগিরই প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠক করা হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে।


তিনি আরও জানান, আগামী ৩০ জুলাই থেকে চুয়াডাঙ্গা মুক্তমঞ্চ প্রাঙ্গণে জেলা বৃক্ষমেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে।


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সিভিল সার্জন ডাক্তার হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার সাহা, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাহাবুদ্দিন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন