দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক যুবককে তুলে নিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় মোটরসাইকেল থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচান ভুক্তভোগী। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তি উপজেলার ডুগডুগি গ্রামের মৃণালের ছেলে সোয়েব (২৭)। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে জয়রামপুর চায়ের দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাউলী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জিয়া জানান, তিনি কাদিপুর মাঠ এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ডুগডুগি গ্রামের সোয়েবসহ ২-৩ জন তার পথরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। এরপর তাকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং গামছা দিয়ে বেঁধে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরও জানান, জয়রামপুর চায়ের দোকানের কাছে পৌঁছালে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে ও সোয়েবকে আটক করেন। তবে অভিযুক্তদের অপর এক সহযোগী ভুক্তভোগীর মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, ভুক্তভোগী জিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে আটক সোয়েবও মাদকসেবনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে উভয়ের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে হেফাজতে নেয়। পরে তাদের হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদক দামুড়হুদা