চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়বাজার এলাকার মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। প্রথমে পরিচয়হীন হিসেবে মরদেহটি উদ্ধার করা হলেও পরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। নিহত ব্যক্তি ফারাজ আলী (৫৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে বড়বাজার এলাকার মাথাভাঙ্গা সেতুর নিচে এক টোকাই পরিত্যক্ত জিনিসপত্র কুড়াতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। পরে সে স্থানীয়দের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই ওই ব্যক্তিকে মাথাভাঙ্গা সেতুর আশপাশে ঘোরাফেরা করতে দেখা যেত। অনেকেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দিতেন না। স্থানীয়রা তাকে খাবার দিতে চাইলেও তিনি তা গ্রহণ করতেন না। বরং সেতুর নিচে পড়ে থাকা পচা আম, কাঁঠালসহ বিভিন্ন কিছু খেয়েই দিন কাটাতেন।
স্থানীয়রা আরও জানান, গতকাল বুধবার সকালে সেতুর নিচ থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকে। পরে এক টোকাই সেখানে গিয়ে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে তিনি মারা গেছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত আজ (বুধবার) করা সম্ভব হয়নি। কাল (বৃহস্পতিবার) সকালে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।”
তিনি আরও জানান, প্রথমে মরদেহটির পরিচয় জানা যায়নি। পরে সিআইডির ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
পুলিশ জানায়, নিহত ফারাজ আলীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায় এক বছর দুই মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি। অবশেষে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট শনাক্তকরণের মাধ্যমে উদ্ধার হওয়া মরদেহটি ফারাজ আলীর বলে নিশ্চিত হওয়া যায়।
নিজস্ব প্রতিবেদক