বুধবার, ১৫ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ
  • আপলোড তারিখঃ ১৫-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

চুয়াডাঙ্গা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন এবং মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন কমিটির সদস্যরা।


বক্তারা বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। তারা আরও বলেন, বিভিন্ন এলাকায় সংঘটিত ছোটখাটো চুরির পেছনে মাদকাসক্তির প্রভাব রয়েছে। নেশার অর্থ জোগাড় করতেই অনেক মাদকাসক্ত এসব অপরাধে জড়িয়ে পড়ে। সভায় জানানো হয়, মাদক প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে।


সভাপতির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, ‘মাদকসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন দিনরাত নিরলসভাবে কাজ করছে। জনবল কিছুটা সংকট থাকলেও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি। আমাদের পক্ষ থেকে প্রচেষ্টার কোনো ঘাটতি নেই।’


তিনি আরও বলেন, ‘আমার এবং জেলা প্রশাসক (ডিসি) স্যারের ছবি ব্যবহার করে কে বা কারা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে টিকটক ভিডিওসহ বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সবাইকে এসব ভুয়া আইডি সম্পর্কে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।’


সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহবিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।



কমেন্ট বক্স
notebook

আপনাদের সঙ্গে আমরা আছি : উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী