চুয়াডাঙ্গা সদর থানায় বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এ প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
প্যারেড শেষে পুলিশ সুপার গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। জনগণের সঙ্গে সমন্বয় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ সুপার জননিরাপত্তা নিশ্চিত করা, মাদক বিরোধী কার্যক্রম জোরদার করা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অপরাধসংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানাতে গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশ দেন। এছাড়া অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, মাদক, সন্দেহজনক ব্যক্তির চলাফেরা কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে—এমন যেকোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে থানায় তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) মো. সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ থানার অন্যান্য কর্মকর্তা।
সমীকরণ প্রতিবেদক