শিশুর জন্মদিন মানেই পরিবারের সবচেয়ে আনন্দময় দিনগুলোর একটি। ছোট্ট পায়ের টুকটুক শব্দ, নিষ্পাপ হাসি আর দূরন্ত দুষ্টুমিতে যে ঘর প্রতিদিন মুখর থাকে, সেই ঘরেই আজ উৎসবের আমেজ। কারণ, আজ দৈনিক সময়ের সমীকরণ-এর সহকারী বার্তা সম্পাদক ও চ্যানেল নাইনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিটা খাতুন দম্পতির একমাত্র কন্যা ফাবিয়া ওয়াহিদের দ্বিতীয় জন্মদিন।
দেখতে দেখতে দুটি বছর পেরিয়ে জীবনের তৃতীয় বছরে পা রাখল ছোট্ট ফাবিয়া। সময়ের সঙ্গে সঙ্গে তার হাসি, চঞ্চলতা আর মায়াভরা উপস্থিতি পরিবারের প্রতিটি দিনকে করে তুলেছে আরও প্রাণবন্ত। বাবা-মায়ের আদর, দাদি, নানা-নানি ও স্বজনদের অকৃত্রিম স্নেহে বেড়ে উঠছে সে।
বিশেষ এই দিনে বাবা-মা সবার কাছে তাদের আদরের কন্যার জন্য দোয়া চেয়েছেন। তারা চান, ফাবিয়া যেন সুস্থ, সৎ, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যতে নিজের মেধা ও কর্মে পরিবার, সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে পারে।
ফাবিয়ার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর সম্পাদক ও প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, সহকারী বার্তা সম্পাদক রিপন হোসেনসহ সমীকরণ পরিবারের সদস্যরা। এছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরাও ছোট্ট ফাবিয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।
সমীকরণ প্রতিবেদক