শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মাশরুম চাষে ভাগ্য বদল শাহাজালালের

  • আপলোড তারিখঃ ০৩-০৭-২০২৬ ইং
মাশরুম চাষে ভাগ্য বদল শাহাজালালের

মাশরুম চাষ করে সফলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝিনাইদহ সদর উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের তরুণ উদ্যোক্তা শাহাজালাল। বেসরকারি চাকরি ছেড়ে মাত্র ২০ হাজার টাকা ও ২০০টি স্পন প্যাকেট নিয়ে শুরু করা তার এই উদ্যোগ আজ একটি সফল খামারে পরিণত হয়েছে। স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তিনি এখন চারজন কর্মীর কর্মসংস্থানও সৃষ্টি করেছেন।


প্রশিক্ষণ নিয়ে শুরু করা শাহাজালালের খামারে বর্তমানে প্রায় ৫ হাজার স্পন প্যাকেট রয়েছে, যার বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। তার উৎপাদিত মাশরুম এখন ঝিনাইদহের স্থানীয় বাজার ছাড়িয়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। প্রতি মাসে প্রায় দেড় লাখ টাকার মাশরুম বিক্রি করে সব খরচ বাদ দিয়ে তার লাভ থাকছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। পাইকারি ২৫০ টাকা এবং খুচরা ৩০০ টাকা কেজি দরে তিনি মাশরুম বিক্রি করছেন।
শুধু মাশরুমই নয়, চাষ শেষে ব্যবহৃত স্পন প্যাকেটগুলো ফেলে না দিয়ে পরিবেশবান্ধব এফওয়াইএম (ঋণগ) পদ্ধতিতে উন্নতমানের জৈব সারে রূপান্তর করছেন শাহাজালাল। এই জৈব সার প্রতি কেজি ১০ টাকা ও প্রতি মণ ৪০০ টাকায় বিক্রি করে তিনি অতিরিক্ত আয় করছেন।


উদ্যোক্তা শাহাজালাল জানান, মানুষের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি এই কাজ শুরু করেন। খামারটি আরও বড় করতে এবং ইনোকুলেশন ল্যাব স্থাপনের জন্য ল্যামিনার এয়ার ফ্লো ও অটোক্লেভ মেশিনের প্রয়োজন। সরকারি সহায়তা পেলে উৎপাদন আরও কয়েকগুণ বাড়িয়ে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব বলে তিনি জানান।


ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসার নুর এ নবী ও সহকারী কৃষি অফিসার রোজিনা পারভিন বলেন, ‘শাহাজালাল একজন পরিশ্রমী ও সম্ভাবনাময় উদ্যোক্তা। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি আজ সফল হয়েছেন। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরকারি সহযোগিতা পেলে তিনি আরও বড় পরিসরে অবদান রাখতে পারবেন। বেকারত্ব দূরীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে মাশরুম চাষ অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত।’



কমেন্ট বক্স
notebook

কোটচাঁদপুরে বাইসাইকেল বিতরণ কাণ্ডে জামায়াতের আমির বরখাস্ত