ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে এক যুবকের লিঙ্গ কর্তনের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন (২২) উপজেলার চাপাতলা গ্রামের সন্তোষের ছেলে। তবে পারিবারিক কারণে তিনি দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এলাকাবাসীর দাবি, ঘটনার আগে তিনি মাদক সেবন করেছিলেন এবং পরে মানসিক ভারসাম্য হারিয়ে নিজেই নিজের লিঙ্গ কর্তন করেন। তবে এ দাবির সত্যতা প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।
রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি। বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে ঘটনার সত্যতা জেনেছেন। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে। সংশ্লিষ্টরা জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণ এবং প্রশাসনিক তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিবেদক মহেশপুর