ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জামায়াতের প্রায় ৩০০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকারীদের মধ্যে শতাধিক নারীও রয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যোগদানকারী জামায়াত নেতা আব্দুল হাকিম, মুছা হোসেন, নাসিম, মাসুম, দুদু মিয়া, সম্রাট, নাজমুল, সবুজ, জিয়ারুল, সজিব, আবু তালেব, আসাদুর রহমান, রাহী খাতুন, জাহেদা খাতুন ও শাহেদা খাতুন উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনির হাতে ফুল দিয়ে বিএনপির দলে অন্তর্ভুক্ত হন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মাস্টার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ফুটানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদি হাসান রনি যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে বলেন, বিএনপির গণমুখী রাজনীতি, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব আজ বিশ্বে প্রশংসিত। এ কারণে বিভিন্ন দলের মানুষ বিএনপির পতাকাতলে সমবেহ হচ্ছেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে রয়েছে। সেই কারণেই বিভিন্ন দল ও মতের মানুষ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
যোগদানকারী জামায়াত নেতা আব্দুল হাকিম বলেন, ‘দীর্ঘদিন অন্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিএনপির কার্যক্রম ও নেতৃত্বে আস্থা রেখে আমরা একসঙ্গে দলে যোগ দিয়েছি। ভবিষ্যতে দলের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেব।’ অনুষ্ঠান শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যোগদানের বিষয়ে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান জানান, জামায়াতের কেউ বিএনপিতে যোগদান করেছে কি না জানা নেই। তিনি খোঁজ নিয়ে বলতে পারবেন।
ঝিনাইদহ অফিস