ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের পাখিমারা গ্রামে এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, শ্লীলতাহানি এবং জোরপূর্বক নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পলাতক রয়েছে। অভিযুক্তরা হলেন- পাখিমারা গ্রামের বজলু হোসেনের ছেলে আইজ উদ্দিন মন্ডল, রুহুল আমিনের ছেলে শাহিন এবং লাল্টু হোসেনের ছেলে সিফাত।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী দুই সন্তানের জননী। সম্প্রতি অভিযুক্ত তিন যুবক ওই গৃহবধূর ওপর বর্বর নির্যাতন ও শ্লীলতাহানি চালায়। এসময় তারা জোরপূর্বক ওই নারীর আপত্তিকর ছবি ও নগ্ন ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ও ছবিগুলো এলাকার বিভিন্ন মানুষের মুঠোফোনে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল জোর তৎপরতা চালাচ্ছে। সামাজিক লোকলজ্জা ও প্রভাবশালী মহলের চাপের কারণে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে তাদের সন্তানদের ফাঁসানো হচ্ছে। ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই।
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: