রবিবার, ১৭ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

৬ সদস্যবিশিষ্ট কমিটির ৩ জনের পদত্যাগ
  • আপলোড তারিখঃ ১৭-০৫-২০২৬ ইং
ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ

ঝিনাইদহে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় তারা কমিটিতে স্বজনপ্রীতি ও ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ তোলেন। গতকাল শনিবার বিকেলে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান শাহেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার মাহমুদ ও আব্দুস সালাম, কেসি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদসহ সাবেক ও বর্তমান কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা।


সমাবেশে বক্তব্যকালে ছাত্রদল নেতা বখতিয়ার মাহমুদ বলেন, ১৭ বছর ধরে নির্যাতনের শিকার হয়ে রাজপথে আন্দোলন করেছি। মৃত পিতার লাশ পর্যন্ত দাফন করতে পারিনি। বর্তমান যাদের সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে, তাদের রাজনৈতিক জীবন ও রাজপথের ভূমিকা যাচাই করা উচিত। এই কমিটি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেনি। এটি একটি পকেট কমিটি।


সাইদুর রহমান শাহেদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ এখন ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি ও অবৈধ লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশৃঙ্খলার পথে না গিয়ে শান্তিপূর্ণভাবে কমিটি পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।


সমাবেশ চলাকালে কয়েকজন নেতা তাদের পদত্যাগপত্র প্রদর্শন করেন। এ সময় নেতাকর্মীরা নবঘোষিত জেলা ছাত্রদল কমিটি বাতিল ও পুনর্গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ