ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মদ ও বিপুল পরিমাণ চোরাচালানী ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক ব্যক্তি ও দুই শিশুকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে প্রায় ১১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের মাঠে মো. হাফিজুর রহমানের মাল্টা বাগানে অভিযান চালানো হয়। এসময় নায়েব সুবেদার মো. আবু বক্করের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী অভিযানে আসামিবিহীন ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/১০৩-আর থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে খোশালপুর গ্রামের মাঠে মো. সাইফুল ইসলামের ধানক্ষেতে অভিযান চালিয়ে হাবিলদার মো. আব্বাস আলীর নেতৃত্বে ১ হাজার ১০টি ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৩ হাজার টাকা।
একই রাতে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সুবেদার মোঃ মাজেদুল ইসলামের নেতৃত্বে আরেকটি অভিযানে চাপাতলা গ্রামের একই মাল্টা বাগান থেকে আরও ৪০০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা। এদিকে, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৫০-আর থেকে প্রায় ১৫০ গজ অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের কামালের বাঁশবাগান এলাকা থেকে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ জনকে আটক করা হয়।
সমীকরণ প্রতিবেদক