ঝিনাইদহের শৈলকূপায় বাকিতে চা না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। গতকাল শুক্রবার সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কামাল শেখের ছেলে নায়েব আলী, মুরাদ আলীর ছেলে রিপন হোসেন, জামাল উদ্দীনের ছেলে রুবেল হোসেন, আব্দুর রহিমের ছেলে তমাল হোসেন, আবুল হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক ও রিপন হোসেনকে হাসপাতোলে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খালধারপাড়া গ্রামের রিপন হোসেন সকালে শাহজাহানের দোকানে চা পান করতে যায়। আগের বাকি থাকা টাকা না দিলে আর বাকিতে চা দিতে অস্বীকার করেন শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বির্তক ও হাতাহাতি হয়। ওসি বলেন, এ ঘটনার জের ধরে দুই পক্ষের সামাজিক লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত ৬ রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৫-৬ জন কম আহত হওয়ায় তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। শৈলকূপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঝিনাইদহ অফিস