ফেনসিডিলসহ চার মাদকব্যবসায়ী আটক : মদ্যপ অবস্থায় দু’মাতাল পাকড়াও
- আপলোড তারিখঃ
১৮-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে জেলা গোয়েন্দা সদর ফাঁড়ি ও বেগমপুর ফাঁড়ি পুলিশের পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ ও সদর ফাঁড়িসহ বেগমপুর ফাঁড়ি পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীসহ দু’মাতালকে আটক করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়ীয় আবাসন ও জীবননগর দত্তনগর কৃষি ফার্মের সামনে থেকে ভিন্ন ভিন্ন সময়ে এদেরকে আটক করা হয়। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গতকাল পৌনে ১১টার সময় বেগমপুর ফাঁড়ি পুলিশ আকুন্দবাড়ীয়া আবাসনের সামনে অভিযান চালিয়ে জীবননগর কাশিপুরের আবু সাঈদ, মিরাজ হোসেন, শামিম ওসমানকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। অপরদিকে, জেলা গোয়েন্দা পুলিশ জীবননগর দত্তনগর কৃষি ফার্মের সামনে থেকে কয়া গ্রামের হামিদুল ইসলামকে ২৪ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে সন্ধ্যার সময় চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম বড় বাজার ব্রীজের নিচ থেকে দু’মাতালকে আটক করে।
পুলিশসুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমপুর ফাঁড়ির এসআই সৈয়দ মাসনুন সঙ্গীয় ফোর্স নিয়ে আকুন্দবাড়ীয় আবাসনের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের জাবের গাইনের ছেলে আবু সাঈদ, সামসুল আলমের ছেলে মিরাজ হোসেন, নাসির উদ্দীনের ছেলে শামিম ওসমানকে আটক করে। এসময় আটককৃতদের তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
একই দিন বিকাল ৫টার সময় গোপন সংবাদরে ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর দত্তনগর কৃষি ফার্মের কোল্ড স্টোরেজের সামনে অভিযান পরিচালনা করেন। এসময় জীবননগর কয়া গ্রামের স্কুলপাড়ার আব্দুল কুদ্দুস মোল্লার ছেলে হামিদুল ইসলামকে (৩৫) আটক করে। পরে আটককৃত আসামীর শরীর তল্লাশি করে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
অপরদিকে, গতকাল সন্ধ্যার পর মাথাভাঙ্গা ব্রীজের নিচ থেকে দু’মাতালকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় মাঝেরপাড়ার বদর উদ্দীনের ছেলে মোহাসিন (৩৫) ও দামুড়হুদা উপজেলার রামনগর স্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে ইয়াছিন (৩০)। পুলিশ জানায়, এরা মদপান করে মাতলামি করছিলো। এসময় সদর ফাঁড়ির এসআই এদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে প্রেরণ করেন। পরে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় সদর থানা পুলিশ।
কমেন্ট বক্স