বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ

ইটের আঘাতে কৃষক দল নেতা নিহত
  • আপলোড তারিখঃ ২৬-০৩-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষের সময় ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই হত্যার ঘটনা ঘটে। স্থানীয় যুবদল নেতা সাইদুর রহমান জানান, বাজার থেকে বাড়ি ফেরার পথে আবুল কাশেমকে পিটিয়ে হত্যা করে জামায়াত সমর্থিত লোকজন। তিনি বলেন, ঈদের আগ থেকেই গ্রাম্য রেশারেশিতে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সূত্র ধরে জামায়াত ও আওয়ামী লীগের যৌথ হামলায় আবুল কাশেমকে হত্যা করা হয়।


তবে কাপাশহাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শরাফুদ্দৌলা ঝণ্টু বুধবার রাতে জানান, তুচ্ছ ঘটনা নিয়ে একই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তবে পরিবারটি বিএনপি-জামায়তে বিভক্ত। কুল্ল্যাগাছা ভাতুড়িয়া গ্রামের গুলনাহার বেগম অভিযোগ করেন, কিছু লোক তার ছেলে আব্দুল আজিজকে ব্যাপক মারধর করে। পরে সেটি বিএনপি-জামায়তের সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, সংঘর্ষের সময় চাচার ছোড়া ইটের আঘাতে ভাতিজা নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে তার সন্তানেরা জড়িত নয়।


ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিণ্টু অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ ও জামায়াতের যৌথ হামলায় কৃষক দল নেতা নিহত হয়েছেন। এর আগে তারা গান্না ইউনিয়নে তরু মুন্সি নামে একজনকে হত্যা করে। জামায়াত ঝিনাইদহে গুপ্ত হত্যার রাজনীতি শুরু করেছে।’


হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেন জামায়াতের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করে জানান, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে একই পরিবারের সদ্যদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নিহত’র চাচা নাজের মন্ডলের ইটের আঘাতে আবুল কাশেম নিহত হন। এ ঘটনার সঙ্গে কোনো ক্রমেই জামায়াত জড়িত নয়।’


এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সেখানে মারামারি হয়েছে এটা শুনেছি। তবে কৃষক দল নেতা খুন হয়েছে, এটা ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম।



কমেন্ট বক্স
notebook

স্বাধীনতা দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নানা কর্মসূচি