মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২০ মার্কিন স্থাপনায় হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পরমাণু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ওয়াশিংটনের

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২৬ ইং
২০ মার্কিন স্থাপনায় হামলা ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ গতকাল ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষই একে অপরের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে। গতকাল ইরান জানিয়েছে, তারা গত ছয়দিনে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। গতকাল মার্কিন তেল ট্যাংকারেও হামলার ঘটনা ঘটেছে। গতকাল নতুন করে আজারবাইজানে হামলা হয়েছে। যদিও ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। আরব লীগ প্রতিবেশি দেশে ইরানের হামলাকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে উল্লেখ করেছে। এদিকে ইসরাইল গতকালও ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষা করেছে।


২০টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা :
ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) জানিয়েছে, তারা মধ্যপ্রাচের তিন দেশে যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত এসব মার্কিন সামরিক স্থাপনায় হামলায় সেগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতে মার্কিন বাহিনীর ওপর গতকাল আবার হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি বলেছে, তারা পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাংকারে হামলা চালিয়েছে। আরব উপসাগরে ২৪ ঘণ্টায় পাঁচটি জাহাজে হামলা চালানো হয়েছে। বাহরাইনের মানামায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে, গতকাল সকালে কাতারের দোহায়ও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান বৃহস্পতিবার (গতকাল) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইলের পরমাণু স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।


এদিকে সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে আছড়ে পড়া ড্রোন ইরান থেকে ছোড়া হয়নি। এমনটাই দাবি করেছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, যে ড্রোন দিয়ে হামলা হয়েছিল সেটি শাহেদ ড্রোনের মতোই দেখতে। তবে সেটি ইরান থেকে ছোড়া হয়নি। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলায় দেশটিতে দুইজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে এই হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
হরমুজ প্রণালীতে আটকা ২০ হাজার নাবিক: জাতিসংঘ


হরমুজ প্রণালীতে প্রায় ২০ হাজার নাবিক আটকা পড়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থার (আইএমও) প্রধান আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। ফলে ওই অঞ্চলে নৌ-বাণিজ্যিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি অঞ্চলটিতে বিভিন্ন প্রমোদতরীর আরও প্রায় ১৫ হাজার যাত্রীও চরম দুর্ভোগে পড়েছেন।


যুক্তরাষ্ট্রের পরমাণু ক্ষেপনাস্ত্র পরীক্ষা, ইরানে হামলা ইসরাইলের:
পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের আবহে মিনিটম্যান ৩ (এলএমজি ৩০ মিনিটম্যান) ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যুক্তরাষ্ট্র। যাকে অনেক সময় ‘ডুমসডে’ ক্ষেপণাস্ত্রও বলা হয়। এই ক্ষেপণাস্ত্র এমন পরমাণু বোমা (ওয়ারহেড) বহন করতে পারে, যার শক্তি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়েও প্রায় ২০ গুণ বেশি। ইরানের সঙ্গে যখন আমেরিকা এবং ইসরাইলের সামরিক সংঘাত তুঙ্গে, সেই আবহে পরমাণু বহনক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে কি ইরানসহ বিশ্বকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো বার্তা দিয়েছেন কিনা তা নিয়েই আলোচনা চলছে। লেবাননের রাজধানীর কাছে দুইটি ইসরাইলি হামলার পর তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, তারা ইরানের কোম শহরে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


আইডিএফ জানিয়েছে, ওই শহর থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একইসাথে ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ‘হামলা’ করেছে ইসরাইল। দোহায় মার্কিন দূতাবাসের কাছাকাছি বসবাসকারী নাগরিকদের সাময়িক সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ন্যাটো জানিয়েছে, তারা ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে সমর্থন দিলেও যুদ্ধে যোগ দেবে না। ব্রিটিশ প্রধানমন্ত্রীও একই বার্তা দিয়েছেন। তবে অস্ট্রেলিয়া মধ্যপ্রাচ্যে মিত্রদের সহায়তায় সামরিক সরঞ্জাম পাঠিয়েছে।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় ঈদ কেনাকাটায় প্রাণচাঞ্চল্য, জমজমাট মার্কেটগুলো