ঝিনাইদহের শৈলকূপায় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে শৈলকূপা ডিগ্রি কলেজ মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সমীনুজ্জামান সমীন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আমরা আইনকে তার গতিতেই প্রয়োগ করবো, কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেন, অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করেন তাহলে আমরা আইনের কঠোর প্রয়োগের দিকে যাবো।
তিনি আরও বলেন, শৈলকুপায় সার নিয়ে একটা বদনাম আছে। কিন্তু আগামীতে সারের কোনো কালোবাজারি থাকবে না। কঠিন হস্তে সার কালোবাজারিদের দমন করা হবে।
আইনমন্ত্রী বলেন, শৈলকূপায় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আজকের পর থেকে শৈলকূপার কোথাও কেউ যদি মাদক ব্যবসা করে, তাহলে প্রশাসনকে জানাবেন। প্রশাসন পদক্ষেপ না নিলে আমাকে একটা এসএমএস করবেন। আমরা শৈলকূপা থেকে মাদকের বিষদাঁত ভেঙে দিতে চাই।
ঝিনাইদহ অফিস