‘আঙ্কেল আপনি রোজা রাখেন?’ প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ প্রশ্ন করল এক শিশু। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘আমি তো রোজা রাখি; তুমি রোজা রাখো?’ গতকাল শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে হাত মেলান ও কুশল বিনিময় করেন তিনি। রাজধানীর বনানীতে নৌবাহিনী সদরদপ্তরে কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করেছেন তারেক রহমান। দেশে ফেরার পর থেকে জুমার নামাজ এই মসজিদেই পড়ছেন তিনি। নামাজের পর তিনি শিশুদের সঙ্গে একে একে হাত মেলান। এ সময় শিশুরা তাঁকে নানা প্রশ্ন করে ও আনন্দে মেতে ওঠে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, মসজিদে মহিলাদের জন্য আলাদা স্থানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান নামাজ আদায় করেছেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শিশুরা উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে।
এক শিশু প্রধানমন্ত্রীকে ‘আসসালামু আলাইকুম’জানিয়ে বললো, আঙ্কেল আজকেরটা ছাড়া সব রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বলেন, তাই! পাশ থেকে এক শিশু বলল, আঙ্কেল আমি সবগুলো রোজা রেখেছি। প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে বললেন, ‘ভেরি গুড।’ এ সময় মসজিদ থেকে জোবাইদা রহমান বেরিয়ে এলে প্রধানমন্ত্রী শিশুদের কাছ থেকে বিদায় নিয়ে ‘আল্লাহ হাফেজ’ বলেন। শিশুরা বলে, ‘আঙ্কেল আমাদের জন্য দোয়া করবেন।’ প্রধানমন্ত্রী তাদের উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগিয়ে যান গাড়ির দিকে।
সমীকরণ প্রতিবেদন