নির্বাচনের প্রতিশ্রুত বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে শুরু করবে সরকার। শনিবার এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আসা এবং দিনের কর্মসূচিগুলোও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, সেগুলোর কয়েকটি নিয়ে আলোচনা হয়েছে। মূলত আজকের বৈঠকে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন আমাদের একটি নির্বাচনী প্রতিশ্রুতি, যেটি বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন- সেই সব ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হবে। মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের বৈঠকে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ইনশাআল্লাহ্ ঈদের আগেই পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি, সেটি শেষ করে কিছু কিছু জায়গায় সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিনদের একটি সম্মানী প্রদান করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে। উপদেষ্টা বলেন, এর পাশাপাশি বিএনপি’র একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে, সারা বাংলাদেশে মেধার ভিত্তিতে বৈষম্যহীনভাবে যেন আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, সরকারি চাকরির ক্ষেত্রে, বেসরকারি চাকরির ক্ষেত্রে, উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে এবং বহির্বিশ্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কীভাবে আমরা আরও দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার কীভাবে আনবো এবং তার মাধ্যমে আমাদের জনশক্তিকে কীভাবে কর্মক্ষম দ্রুততার সঙ্গে তাদের জন্য চাকরি এবং ব্যবসার সুব্যবস্থা করতে পারবো- তার জন্য যে ডি-রেজুলেশন প্রয়োজন, যে ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা প্রয়োজন রয়েছে সংস্কারের জন্য। তিনি আরও বলেন, টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশনকে আরও কীভাবে প্রাধান্য দেবো আমরা। বিদেশে যেসব দূতাবাস রয়েছে এবং বাংলাদেশে যেসব দূতাবাস রয়েছে, তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কীভাবে আমাদের জনশক্তিকে আরও দক্ষ ও যোগ্য করে বিদেশে পাঠাতে পারবো- এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট যেসব মন্ত্রীবর্গ রয়েছেন, সচিববর্গ রয়েছেন- উনারা উনাদের মূল্যবান মতামত দিয়েছেন এবং ইনশাআল্লাহ্ খুব দ্রুততম সময়ের ভেতরে জনগণের প্রতি জবাবদিহিমূলক এ রাষ্ট্র ব্যবস্থা, জনগণের সরকার আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়ন করা শুরু করবো। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন