আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠ এলাকায় দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত আনুমানিক ৮টার দিকে বিজি ক্রোকারিজ কোম্পানির ডেলিভারি ভ্যান থামিয়ে লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়িচালক ডেলিভারি ম্যান ফারুক হোসেন (৪০) রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। ফারুক হোসেনের বাড়ি হারদী খালপাড়ায়।
কোম্পানি সূত্রে জানা যায়, ফারুক হোসেন তিন বছর ধরে বিজি ক্রোকারিজ কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত। সোমবার তিনি মেহেরপুরের মথুরাপুর এলাকায় পণ্য সরবরাহ শেষে আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন। তার সঙ্গে ছিলেন কোম্পানির ম্যানেজার বাচ্চু হোসেন। পথের মধ্যে হাটবোয়ালিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে বাচ্চু হোসেন নিজ বাড়ির উদ্দেশ্যে ভ্যান থেকে নেমে যান। এরপর ফারুক একাই গাড়ি নিয়ে যাত্রা অব্যাহত রাখেন। রাত আটটার দিকে বৈদ্যনাথপুর মাঠ এলাকায় পৌঁছানোর পর তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিষয়টি সন্দেহজনক মনে হলে খোঁজাখুঁজি শুরু হয়। কিছু সময় পর রাস্তার পাশে ডেলিভারি আলমসাধু গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে মাঠে ভুট্টা খেতে ফারুকের ব্যবহৃত চশমা, জ্যাকেট ও টাকার ব্যাগ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। সেগুলো পুলিশ উদ্ধার করে।
কোম্পানির মালিক জব্বার আলী জানান, টাকার ব্যাগে ১ লাখ ৩৭ হাজার যা আজকের দিনের ডেলিভারির বিক্রয়লব্ধ অর্থ। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘পরিকল্পিতভাবে গাড়ি থামিয়ে টাকা ছিনতাই করা হয়েছে এবং ফারুককে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য ছিনতাই ও অপহরণের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আশপাশের মাঠ এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এদিকে, নিখোঁজ ফারুক হোসেনের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যনাথপুর মাঠ এলাকা দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। তারা এ সড়কে নিয়মিত টহল ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ ডেলিভারি ম্যান ফারুক হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রতিবেদক হাটবোয়ালিয়া