শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে জসিম হত্যা, ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

পরকীয়া ও জমিজাতি নিয়ে দ্বন্দ্বে খুন
  • আপলোড তারিখঃ ০৬-০২-২০২৬ ইং
হরিণাকুণ্ডুতে জসিম হত্যা, ইউপি সদস্যসহ দুজন গ্রেপ্তার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ভ্যানচালক জসিম উদ্দিন (৩০) হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সম্পর্ক ও জমিজাতি সংক্রান্ত দ্বন্দ্বের অভিযোগ উঠে এসেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গত বুধবার মধ্যরাতে হরিণাকুণ্ডু উপজেলার টেংরাখালির মাঠের একটি ভুট্টাখেত থেকে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জসিম উদ্দিন দৌলতপুর গ্রামের মোক্তার আলীর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। এ ঘটনায় বৃহস্পতিবার নিহতের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তাঁর ভাষ্যমতে, দৌলতপুর গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী বৃষ্টি খাতুনের সঙ্গে নিহত জসিম উদ্দিনের অনৈতিক সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। এ ঘটনায় বৃষ্টি খাতুনকে পুলিশ আটক করেছে।


অন্যদিকে মামলার বাদী মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, দৌলতপুর গ্রামের দুধ মিল্লকের ছেলে মসিউর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের জমিজাতি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। দাখিলকৃত এজাহারে ইউপি সদস্য আশরাফুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।


হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) গোলাম কিবরিয়া হাসান গতকাল বৃহস্পতিবার দুপুরে বলেন, প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় আসন্ন গণভোট বিষয়ে ধর্মীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ