ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের ১০ দিন আগেই জেলায় জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার ও আগের দিন রোববার মিলিয়ে ২১ জেলায় আসনভিত্তিক প্রার্থীদের নাম ও প্রতীক সম্বলিত ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে কঠোর নিরাপত্তায়। বাকি জেলাগুলোতে ধাপে ধাপে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ইসি জানায়, ঢাকা থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ধাপে ধাপে ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এসব সরঞ্জাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষিত থাকবে এবং ভোটের আগের দিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দফায় রোববার ১৩টি জেলায় এবং গতকাল সোমবার ৮টি জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে। যেসব জেলায় পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে- মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, মৌলভীবাজার, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনা। নির্বাচন কমিশনের উপ-সচিব রাশেদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট জেলার সব আসনের ব্যালট পেপার মুদ্রণ শেষে পাঠানো হচ্ছে। রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় পাঠানো হয়েছে সোমবার। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) নিবন্ধনকারী সারা দেশের ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটারের কাছে ব্যালট পাঠিয়েছে ইসি। শনিবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শনিবার বেলা সাড়ে সকাল ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থিত ৫ লাখ ১৮ হাজার ৬০৩ জন ভোটের কাছে ব্যালট প্রেরণ করা হয়েছে। ৭ হাজার ৩৬৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। এছাড়া ৪ হাজার ৯০২ জন ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে। অপরদিকে, ২ হাজার ৩৯৪ জন ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে।
৪ লাখ ৫৮ হাজার ০৫৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোেট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) থেকে জানানো হয়েছে ইসি'র দেয়া তথ্যানুযায়ী, শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসী গন্তব্যের দেশে পৌঁছেছে। ৫ লাখ ১৮ হাজার ৩৪৫ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৫৮ হাজার ৫৯ জন প্রবাসী। এছাড়া ৪ লাখ ১০ হাজার ৯২৮ প্রবাসী ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে। অপরদিকে ১ লাখ ৪৪ হাজার ৮৬০ জন প্রবাসী ভোটের ব্যালট বাংলাদেশে পৌঁছেছে। সালীম আহমাদ খান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে ১ লাখ ৯৪ হাজার ৯১৪টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে। গতকাল সোমবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান। তিনি জানান, বেলা ১১টা পর্যন্ত মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারীদের মধ্যে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসীদের কাছে পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২২ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৬৪ হাজার ২২৫ জন। এছাড়া ৪ লাখ ১৮ হাজার ৯৬২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। বিডি পোস্ট কর্তৃক ১,৮৫৯টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়েছে। সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
একই বাক্সে ফেলতে হবে দুটি ব্যালট:
এবারের নির্বাচনে সারাদেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে চলবে ভোটগ্রহণ। সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হওয়ায় দুটি ব্যালটেই একই সাথে ভোট দিতে হবে। এক্ষেত্রে সংসদ নির্বাচনের জন্য যে ব্যালট থাকবে সেটি হবে সাদাকালো আর গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রংয়ের। গণভোট নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে। এই পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবারহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের বাক্স হিসাবে ব্যবহৃত হবে। ভোটারগণ ভোট প্রদান শেষে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলবেন। অন্যদিকে যে সব প্রবাসী ভোটার নিবন্ধন করেছে, তাদের ব্যালট পাঠিয়ে দেয়া হয়েছে আগেই। তাদেরও ২৫ জানুয়ারির মধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট ভোট দেয়া শেষে একই খামে করে দেশে পাঠাতে বলা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার জাতীয় নির্বাচনের ব্যালট ও গণভোটের ব্যালটে সিল দেয়ার পর সেটি একই বাক্সে ফেলবেন। ১২ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষে প্রার্থীদের পোলিং এজেন্টদের উপস্থিতিতে প্রিসাইডিং কর্মকর্তা সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট আলাদা করবেন এবং আলাদা করেই এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা করতে হবে।
সমীকরণ প্রতিবেদন