সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাচনের চূড়ান্ত পথে ইসি

  • আপলোড তারিখঃ ০৯-১২-২০২৫ ইং
নির্বাচনের চূড়ান্ত পথে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সব ঠিকঠাক থাকলে আগামীকাল বুধবার তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বান কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিকে তফসিল ঘোষণা এবং প্রচারের লক্ষ্যে আগামীকাল সিইসির ভাষণ রেকর্ড করার উদ্যোগ নিয়েছে ইসি। এ জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে প্রস্তুতি নিতে চিঠি দেওয়া হয়েছে। গতকাল সোমবার এ সংক্রান্ত চিঠি গণমাধ্যম দুটিতে পাঠিয়েছে ইসি। জানা গেছে, আগামীকাল দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এরপরই বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘বিটিভি ও বেতারে ভাষণের মাধ্যমে তফসিল হবে। ১০ ডিসেম্বর হতে পারে। আর তো সময় নেই, ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল দিতে হবে।’ প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রেওয়াজ অনুযায়ী যেদিনই বক্তব্য রেকর্ড হয় সেদিনই সাধারণত জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হয়। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনই রেকর্ডের জন্য বিটিভি ও বেতারকে ডেকেছিল নির্বাচন কমিশন। ওই নির্বাচনের তফসিল সরাসরি সম্প্রচার করেছিল নির্বাচন কমিশন। 
নিবন্ধন পেল ৮১ পর্যবেক্ষক সংস্থা :


এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্তভাবে ৮১টি দেশীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি। গতকাল নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৮ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। ওই সংস্থাগুলোর বিরুদ্ধে যে কোনো দাবি, আপত্তি বা অভিযোগ ২০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবের কাছে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছিল এবং অভিযোগের পক্ষে সহায়ক প্রমাণও জমা দিতে হয়েছিল। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে প্রথম ধাপে ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দিয়েছিল ইসি। এই ৬৬ পর্যবেক্ষক সংস্থাকে চলতি বছরের ৬ নভেম্বর থেকে ২০৩০ সালের ৫ নভেম্বর পর্যন্ত ইসির নিবন্ধন দেওয়া হয়। এছাড়া দ্বিতীয় ধাপে যাচাই-বাছাই করে ১৫ পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত অনুমোদন দেয় নির্বাচন কমিশন। এই ১৫ সংস্থা চলতি বছরের ৪ ডিসেম্বর থেকে ২০৩০ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট পাঁচ বছরের জন্য নিবন্ধিত হলো।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী