সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি
ভোটের আগেই জোট রাজনীতিতে তৎপর ইসলামী দলগুলো

নির্বাচন ঘিরে বাড়ছে সমীকরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২৫ ইং
নির্বাচন ঘিরে বাড়ছে সমীকরণ

ভোটের আগেই জোট বাড়ানোর তৎপরতা শুরু হয়েছে। আর এতে কদর বেড়েছে ছোট-বড় ইসলামী দল ও সংগঠনের। আসন্ন নির্বাচনে ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে’ নেয়ার চিন্তা থেকে অনেক আগ থেকেই এই তৎপরতায় যুক্ত হয়েছে জামায়াত এবং ইসলামী আন্দোলনসহ আরও কয়েকটি ইসলামী দল। সম্প্রতি ভোটের জোট নিয়ে সক্রিয় হয়েছে বিএনপিও। তারাও চাইছে ভোটের মাঠে নিজেদের অবস্থান জোরালো করতে। হেফাজতের মতো অরাজনৈতিক সংগঠনের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ জোরদার করেছে বিএনপি। বিএনপি ও সমমনা দলের এই  জোটের বাইরে বড় রাজনৈতিক পক্ষ হিসেবে আবির্ভূত হতে চায় ইসলামী দলগুলো। আদর্শিক অমিল থাকলেও ভোটের মাঠে প্রাধান্য বিস্তারে কাতারবদ্ধ হয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা অন্তত সাতটি দল। পাঁচ দফা দাবিতে গত ১৫ই সেপ্টেম্বর থেকে এই সাত দলের অভিন্ন কর্মসূচি চলমান। আগামী ২৬শে সেপ্টেম্বর সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচিতে যাবে এই দলগুলো। 


এ পর্যায়ে নির্বাচন সামনে রেখে বহুল আলোচিত অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ঐক্যজোটের ছোট একটি অংশ বিএনপি’র কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপি’র যোগাযোগও বেড়েছে। বিশেষ করে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্‌উদ্দিন আহমেদের একাধিকবার সাক্ষাৎ একই সভামঞ্চে দুইজনের উপস্থিতি-বক্তব্য প্রদান রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।


তবে জামায়াতের সঙ্গে অভিন্ন আন্দোলনে থাকা দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টির নেতারাও হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে রয়েছেন। তারপরও হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামায়াতবিরোধী অবস্থান বিভিন্ন সময় জামায়াত সম্পর্কে নেতিবাচক বক্তৃতা বিএনপি’র সঙ্গে সুসম্পর্কের বার্তা দিচ্ছে বলে কেউ কেউ মনে করছেন। এ ব্যাপারে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গত শনিবার এক সভায় বলেছেন- হেফাজতে ইসলামের আমির রাজনীতি করেন না। তিনি বিখ্যাত আলেম এবং মুরব্বি মানুষ। আমি তার সঙ্গে সাক্ষাৎ করে দোয়া চাইতে গিয়েছিলাম। এর বেশি কিছু নয়।


সূত্র মতে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংস্কার ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে যেক’টি রাজনৈতিক দলের মতবিরোধ সামনে আসে, এর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন অন্যতম। এর মধ্যে আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন স্থানে ‘দখল, চাঁদাবাজি’ নিয়ে জামায়াতের পাশাপাশি বিএনপিকে লক্ষ্য করে বক্তব্য রেখে আসছিলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় ফয়জুল করিম শরীয়তপুরে এক সমাবেশে অভিযোগ করেন, ৫ই আগস্ট সরকার পতনের পর চিহ্নিত একটি দল লুটপাট, খুন-খারাবি ও চাঁদাবাজি শুরু করেছে। এছাড়া ঢাকার সোহ্‌রাওয়ার্দী উদ্যানের সমাবেশে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মন্তব্য করেন, বাংলাদেশের মানুষ আর চাঁদাবাজ, দখলকারী, খুনিদের ক্ষমতায় দেখতে চায় না।


নির্বাচন ঘিরে এ দু’টি দলের তৎপরতায় ইসলামী দলগুলোর মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। ফলে জামায়াত ও ইসলামী আন্দোলন অতীতের তিক্ততা মিটিয়ে পরস্পর ঘনিষ্ঠ হয় এবং ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে’ নেয়ার উদ্যোগ নেয়। এ ব্যাপারে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, ইসলামী শক্তির অভিন্ন বাক্স আমরা দিতে চাই। তবে এর অর্থ এই নয় যে, রাজনৈতিকভাবে এক হয়ে গেছি। আমরা একটা রাজনৈতিক দল তারা আরেকটা রাজনৈতিক দল। আমাদের মাঝে কিছু মতপার্থক্য আছে বিধায় আমরা আলাদা রাজনীতি করি।


অপরদিকে বিএনপি’র নীতিনির্ধারণী ফোরামের নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদবিরোধী যেকোনো দলের সঙ্গেই হতে পারে ঐক্য। আর ইসলামী দলগুলোর মূল্যায়নে যেকোনো ছাড় দিতেও প্রস্তুত থাকবে তার দল। তা ছাড়া বিএনপি মেজরিটি পেলে জাতীয় সরকার গঠনের জন্য আমাদের উদ্যোগ থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আন্দোলন-সংগ্রামে জোটসঙ্গীদের নিয়ে আমাদের জোট করার সম্ভাবনা আছে। ইসলামী দল, ডানপন্থি, বামপন্থি- সবাইকে নিয়েই আমরা এগুতে চাই। জাতীয় সরকার করতে চাই। ইসলামী দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা চলছে। আমরা ছাড় দেয়ার মানসিকতা নিয়ে এগুচ্ছি। জোটের শক্তি বাড়াতে সবধরনের সেক্রিফাইস করতে প্রস্তুত আছি।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী