জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচনসহ চার দফা দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে আন্দোলনে যাচ্ছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা অন্তত ৭টি রাজনৈতিক দল। আগামীকাল (সোমবার) পৃথক সংবাদ সম্মেলন করে এসব দল যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে। জামায়াত ও ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সূত্র মতে, শুরুতেই বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, পথযাত্রা আলোচনা সভার মতো কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে সব দলের সমন্বয়ে বড় আকারের কর্মসূচি দেয়া হবে। এ ব্যাপারে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সোমবার মগবাজার আল-ফালাহ্ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামীর তরফে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। একইভাবে একইদিন সমমনা দলগুলো যার যার অবস্থান থেকে অভিন্ন কর্মসূচি ঘোষণা দেবে। তিনি বলেন, এ সব দাবিতে ইতিপূর্বেও আমরা বিক্ষোভ সমাবেশ সেমিনার আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। কিন্তু কাজ না হওয়ায় নতুন কর্মসূচি দিতে হচ্ছে। ইসলামী আনেদালনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের দলীয় কর্মসূচি ঘোষণা করবেন শীর্ষ নেতারা। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে সোচ্চার সকল রাজনৈতিক দল আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। এরপরও সরকার দাবি পূরণে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেয়া হবে। জানা গেছে, জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচন, প্রয়োজনীয় সংস্কারের দাবিতে অনেকদিন থেকে সোচ্চার রয়েছে এইসব দল। তবে সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ঘটনার পর যোগ হয়েছে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ। এ পর্যায়ে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে আশাব্যঞ্ছক ফল না পাওয়ার পর জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলো কয়েক দফা বৈঠকে যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই যুগপৎ আন্দোলনের নেতৃত্বে আছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন। তাদের সঙ্গে যুক্ত হয়েছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস, মাওলানা আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ, মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন এবি পার্টি ও সরওয়ার কামাল আজিজীর নেতৃত্বাধীন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। অন্যদিকে পিআর নিয়ে এখনো একমত না হলেও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায় এনসিপি। তবে দলটি এখনই সাত দলের কর্মসূচির সঙ্গে যুগপৎ কোনো কর্মসূচিতে যাচ্ছে না। তারা আপাতত আলাদা কর্মসূচি নিয়ে ভাবছে।
চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির সংবাদ মিসলিডিং: এনসিপি-
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে নিউজ হয়েছে তা মিসলিডিং। এনসিপির ফেসবুক পেজে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক লিয়াজোঁ প্রধান আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পোস্টে বলা হয়, এনসিপি জুলাই সনদের আইনি ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের যে দাবি সেটির সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল কিন্তু পূর্ণ সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় এনসিপির কোনো অবস্থান নেই। বরং এনসিপি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর বিষয়ে একমত। এ ছাড়া সন্ত্রাসী ও ফ্যাসিবাদের সহযোগী হিসেবে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের দাবির সঙ্গে এনসিপির সমর্থন থাকবে।
সমীকরণ প্রতিবেদন