১শ’ পিস ইয়াবাসহ ব্যবসায়ী সেলিম ও আলমগীর আটক
- আপলোড তারিখঃ
০৪-১১-২০১৭
ইং
চুয়াডাঙ্গার গহেরপুর-বাটিকাডাঙ্গা সড়কে সদর থানা ও তিতুহদ ক্যাম্প পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক/তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার গহেরপুর থেকে ইয়াবাসহ দুই মাদকব্যবসায়ী সেলিম রেজা ও আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-বাটিকাডাঙ্গা থেকে তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর-বাটিকাডাঙ্গায় অভিযান পরিচালনা করেন। এ সময় গহেরপুর-বাটিকাডাঙ্গা সড়কের পাশে জনৈক খালেক মাস্টারের মেহেগুনি বাগান থেকে দুজনকে আটক করা হয়। তাদের দেহতল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাদের আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়। আটককৃতরা হলো, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোষ্ঠবিহার গ্রামের পশ্চিমপাড়ার সিরাজুল ইসলামের ছেলে সেলিম রেজা (৩৪) ও বেগমপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত আনছার আলীর ছেলে আলমগীর (৩৪) হোসেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স