ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার। দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেই বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন ইসহাক দার। গতকাল শনিবার বিকালে ঢাকায় পাকিস্তান দূতাবাসে প্রথমে জাতীয় নাগরিক পার্টি, এরপরে জামায়াতে ইসলামী এবং সর্বশেষ বিএনপির সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য সম্পর্ক, ৭১’এর ইস্যু, আঞ্চলিক সহযোগিতা, বাংলাদেশের রাজনৈতিকসহ সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রায় ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকে দুই দেশের পক্ষ থেকেই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, রোববার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ খাতে সহযোগিতা বাড়াতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে। এই দ্বিপক্ষীয় বৈঠকে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানেরও যোগ দেয়ার কথা রয়েছে। পরে সন্ধ্যায় ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর বাইরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া অসুস্থ জামায়াত আমীর ডা. শফিকুর রহমানকে দেখতে তার বসুন্ধরার বাসায় যাবেন ইসহাক দার।
ওদিকে গতকাল পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান দূতাবাসে ইসহাক দারের সঙ্গে বিএনপি’র এই বৈঠক হয়। মির্জা ফখরুল ছাড়াও বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নেতারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নৈশভোজে অংশ নেন।
এর আগে বিকেলে জামায়াতে ইসলামীর ৫ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৈঠক শেষে তাহের বলেন, আমাদের সঙ্গে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সার্ককে সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তাহের বলেন, গত ১৫ বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে। আমরা মনে করি সবার সঙ্গেই সুসম্পর্ক থাকা দরকার। সেটার ব্যাপারে বৈঠকে দুই পক্ষের তরফেই জোর দেয়া হয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির দিকে জোর দিয়ে আমরা বলেছি, আজকে সারা বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের সমস্যা- এসব বিষয়ে যেন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নেয়, সেই আলোচনাও আমরা করেছি।
’৭১-এর অমীমাংসিত ইস্যুগুলো বৈঠকে আপনারা তুলেছেন- এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, এসব বিষয় হচ্ছে দুই দেশের সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি, সরকার সেগুলো আলোচনা করবে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন কখন কীভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে। এটা নিয়ে তেমন আলোচনা হয়নি।
এর আগে বেলা ৩টায় এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন বলেন, পার্টি হিসেবে আমাদের অফিসিয়ালি দাওয়াত দেওয়া হয়েছিল। ৭ সদস্যের প্রতিনিধিদল আমরা সাক্ষাত করেছি। বাংলাদেশের জনগণের পারসেপশন আমরা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে, বিগত সময়ে বাংলাদেশ ও পাকিস্তান যে শত্রু ভাবাপন্ন মনোভাব ছিল, সেখান থেকে উত্তরণের সুযোগ রয়েছে। পাকিস্তানের সঙ্গে যেকোনো বিষয়ে ’৭১-এর ইস্যুকে ডিল করা উচিত। সেটা তাদের কাছে উত্থাপন করেছি। শিক্ষায়, সংস্কৃতি ও অর্থনীতির বিষয়ে কথা বলেছি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো হেজিমনি যেন কারও মধ্যে কাজ না করে। গোটা এশিয়ায় আমাদের সকলের সম্পর্ক হবে ভ্রাতৃত্বের। এখানে কোনো ধরনের হেজিমনি বা আধিপত্যবাদ থাকবে না। এই বিষয়গুলো নিয়েই আমরা পারস্পরিক কথাবার্তা বলেছি।
এদিকে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তার গুলশানের বাসায় (ফিরোজা) যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ তথ্য জানিয়েছেন।
এর আগে হার্টে বাইপাস সার্জারি পরবর্তী বিশ্রামরত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে কুশল বিনিময় করতে যাবেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। আজ দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাস্থ জামায়াত আমিরের ভাড়া বাসায় হবে এই সাক্ষাৎ হবে। কূটনৈতিক এবং জামায়াতের দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।
সমীকরণ প্রতিবেদন